০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

টরন্টোতে ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’, গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নিপা

আগামী ১৪ নভেম্বর নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে এ সাংস্কৃতিক সন্ধ্যা।

টরন্টোতে ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’, গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নিপা

সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং নৃত্যশিল্পী জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। ছবি: আয়োজকদের সৌজন্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 11:29 AM

Updated : 05 Oct 2026, 11:29 AM

সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং নৃত্যশিল্পী জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার যুগলবন্দিতে কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’।

আগামী ১৪ নভেম্বর নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে এ সাংস্কৃতিক সন্ধ্যা।

এই অনুষ্ঠানটি আয়োজন করছে নাহিদ নাসরিন নয়ন ও গ্যালিয়ানো কনসার্ট সোসাইটি। আয়োজকরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে গান শোনাবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, তার পাশাপাশি দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি ফিউশন ঘটাতে যোগ দেবেন বিদেশি যন্ত্রশিল্পীরা।

বন্যার গানের সঙ্গে বাঁশি, সেতার, পিয়ানো, চেলো ও তবলার অনন্য সমন্বয় ঘটাবেন তারা।

এছাড়াও একই মঞ্চে পারফর্ম করবেন শিবলী-নিপা জুটি, তাদের নাচের পাশাপাশি আয়োজনে থাকছে জোনায়েদ আনোয়ারের দোতারা ও জাহাঙ্গীর হোসেনের বাঁশির সুর।

আয়োজন নিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, "গত বছরও টরন্টোতে গাইছিলাম আমি। সে সময় দারুণ সাড়া পেয়েছি। এবারও সবার ভালোবাসায় ফের গাইতে টরন্টোতে যাচ্ছি। আমার বিশ্বাস এবারের আয়োজনেও দারুণ সাড়া পাবো। ইতোমধ্যে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্য কমিউনিটির মানুষদের মধ্যেও আয়োজনটি নিয়ে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি।"

আয়োজক নাসরীন নয়ন বলেন, "প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা সংস্কৃতির শিকড়ে ফিরে যাওয়ার এক অনন্য আয়োজন মোমেন্টস উইথ লেজেন্ডস। এ সুযোগ সত্যিই বিরল। এ সন্ধ্যাটি সবার হৃদয়ে চিরদিনের জন্য স্মৃতি হয়ে থাকবে। আশা করছি আপনারা সবাই দলবেধে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে আসবেন।"

আগামী ১৪ নভেম্বর টরন্টো প্যাভিলিয়নে বসবে এই অনুষ্ঠানের আসর। দর্শকদের জন্য গেট খুলবে বিকেল সাড়ে ৫টায় এবং মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আয়োজকরা জানিয়েছে, অনুষ্ঠানের টিকেটের দাম ঠিক করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে।

ভিভিআইপি টিকেটের মূল্য ১০০ কানাডিয়ান ডলার, ভিআইপি ৬০ ডলার এবং রেগুলার টিকেট ৪০ ডলার। ইভেন্টব্রাইটের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। পাশাপাশি ই-ট্রান্সফারের মাধ্যমেও টিকেট সংগ্রহের সুযোগ থাকছে।