গাগা গাইছিলেন ‘রেইন অন মি’, বৃষ্টির সঙ্গে হল বজ্রপাত, কনসার্ট করল পণ্ড
লেডি গাগা আশা করেছিলেন, ঝড় থেমে গেলে আবার অনুষ্ঠান শুরু করতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
প্রচণ্ড ঝড়ো হাওয়ার মধ্যে প্রবল বজ্রপাত, ফলে সঙ্গীত সন্ধ্যা বাতিল করতে হল লেডি গাগাকে।
বিবিসি জানিয়েছে, রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্রোম্যাটিক্যা বল টুরের শেষ কনসার্টটি চলার মধ্যেই অনুষ্ঠানস্থল মিয়ামির হার্ড রক স্টেডিয়ামের আশপাশে ব্যাপক বজ্রপাত ও ঝড়ো হাওয়া বইতে শুরু করে। পরিস্থিতি দেখে আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করার সিন্ধান্ত নেন।
কনসার্টের শেষভাগে তখনও ছয়টি গান পরিবেশন করার কথা, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে শো বাতিলের ঘোষণা দেন লেডি গাগা। স্টেডিয়ামে উপস্থিত ৬৫ হাজার দর্শকশ্রোতার সামনে মঞ্চে তিনি ঘোষণা করেন, “আমাদের কিছুক্ষণের জন্য শো বন্ধ রাখতে হচ্ছে।”
দর্শকশ্রোতাদের শান্তভাবে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার অনুরোধও জানান তিনি।
লেডি গাগা আশা করেছিলেন, ঝড় থেমে গেলে আবার অনুষ্ঠান শুরু করতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি, শো বাতিল করতে হয়েছে।
অনুষ্ঠানস্থল মিয়ামির হার্ড রক স্টেডিয়ামের গ্যালারির একটি অংশে ছাদ রয়েছে, অন্য অংশ ফাঁকা। শো বাতিল হওয়ার আগে দর্শকশ্রোতারা ছাদযুক্ত অংশে অবস্থান নেয়। গাগা যখন তার হিট গান ‘রেইন অন মি’ গাচ্ছিলেন, তখনই ব্যাপক বজ্রপাতে গান শোনা দুরূহ হয়ে উঠে।
এর কিছুক্ষণ পর দর্শকশ্রোতারা নিজ নিজ আসনে ফিরে যেতে পারলেও আয়োজকেরা জানিয়ে দেন, শো চালিয়ে যাওয়া নিরাপদ হবে না।
এরপরই গাগা মঞ্চে আসেন এবং দর্শকশ্রোতার উদ্দেশে বলেন, “নিরাপদে বাড়ি ফিরে যান। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এবং শোতে আসার জন্য আপনাদের ধন্যবাদ।”
এরপর তিনি শ্রোতা-দর্শকদের উদ্দেশে ঝুঁকে অভিবাদন জানান।
পরে নিজের ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে দুঃখপ্রকাশ করে ভিডিও পোস্ট করেন এ পপ তারকা।
অশ্রুনয়নে মঞ্চের পোশাকেই সেই ভিডিওতে এসে গাগা বলেন, “মিয়ামিতে আমরা আসলেই এই শোটি সুন্দরভাবে শেষ করতে চেয়েছি। এমনকি যখন বৃষ্টিপাত ও বজ্র খুব কাছেই পড়ছিল, দর্শকশ্রোতাদের অথবা আমার ক্রুদের কারও কিছু হয়ে গেলে আমি জানি না কি করতে পারতাম।”
