২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘মা বাবা ভাই বোন’র ১০০

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই নাটক।

‘মা বাবা ভাই বোন’র ১০০

‘মা বাবা ভাই বোন’ নাটকের শততম পর্ব শ্যুটিংয়ের ফাঁকে কেক কাটেন শিল্পী-কলাকুশলীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 05:55 PM

Updated : 23 Aug 2022, 06:02 PM

পারিবারিক জীবনের টুকরো টুকরো গল্প নিয়ে নাটক ‘মা বাবা ভাই বোন’ ছুঁতে যাচ্ছে এর শততম পর্ব; সেই ১০০তম পর্বের শুটিং শেষে দিনটি ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন এর শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা।

রোব থেকে মঙ্গলবার টানা তিন দিন রাত ৮টা ২০ মিনিটে নাটকটি প্রচার করছে বেসরকারি টেলিভিশন স্টেশন এনটিভি।

প্রখ্যাত কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘মা বাবা ভাই বোন’ অবলম্বনে নাটকটি তৈরি হয়েছে। নাটকের নাম উপন্যাসের নামেই রেখেছেন নির্মাতা হাসান রেজাউল।

গত বছরের নভেম্বর থেকে প্রচার হওয়া নাটকের ৯৭ পর্ব ইতোমধ্যে প্রচার হয়েছে। আগামী ২৯ নভেম্বর দেখান হবে শততম পর্ব। ওই পর্বটির শুটিং শেষ হয়েছে সোমবার।

Image

নাটকের দৃশ্যে অভিনয় শিল্পী শামীম ও তিশা

একশতম পর্বের শুটিংয়ের ফাঁকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে সেটেই ঘরোয়া আয়োজনে নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা কেক কেটে দিনটি উদযাপন করেন।

সেলিম আল দীন, হরিশংকর জলদাস, সৈয়দ শামসুল হক, শুভাশিস সিনহা, মনি হায়দারের লেখায় নাটক তৈরি করলেও সুনীলের ‘মা বাবা ভাই বোন’ দিয়ে প্রথম ধারাবাহিকে হাত দেওয়া হাসান রেজাউলের।

তিনি বলেন, “প্রথমবার ধারাবাহিক নাটক নির্মাণ করছি, আর সেটি ১০০তম পর্ব ছুঁতে যাচ্ছে। অন্যরকম ভালো লাগা কাজ করছে। গত সপ্তাহে কলকাতা গিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সাথে আলাপ করে এসেছি। তারা ইউটিউবে নাটকটি নিয়মিত দেখছেন এবং আমাকে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।”

প্রবাস থেকে ভালো সাড়া মিলছে জানিয়ে রেজাউল বলেন, “পারিবারিক গল্পের নাটক হওয়ায় প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করেছেন। বিদেশে থেকে অনেকে ফোন করে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন।”

Image

‘মা বাবা ভাই বোন’ এর শুটিং সেটে শিল্পীরা

রেজাউলের পরিকল্পনা ছিল ১০৪ পর্বে ইতি টানার। কিন্তু সেই ভাবনা বদলে ১৩০ পর্ব করার ইচ্ছার কথা জানান।

“এনটিভি থেকে আমাকে আরও ২৬ পর্ব বাড়ানোর জন্য বলা হয়েছে। অনেক সময় টেনে পর্ব বাড়ানো হয়, আমরা সেদিকে যাচ্ছি না। নাটকটি যেহেতু উপন্যাস অবলম্বনে। সেখানে পরিকল্পিতভাবেই পর্ব বাড়ানোর সুযোগ রয়েছে।”

নাটকে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, তামিম মৃধা, শবনম ফারিয়া, আবু হুরায়রা তানভীর, নিশাত প্রিয়ম, তাসনুভা তিশা, শম্পা রেজা, শেলী আহসান, অবিদ রেহান, ফাতিমা আক্তার আদিবা, সাজু খাদেম, পঙ্কজ, এ কে আজাদ সেতু, জয়নাল জ্যাকসহ আরও অনেকে।