১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদে ধ্রুব মিউজিক স্টেশনে ১০ গান

২৫ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে গানগুলো ইউটিউবে প্রকাশিত হবে।

ঈদে ধ্রুব মিউজিক স্টেশনে ১০ গান

রুনা লায়লার সুরে তানি লায়লার নতুন গান ‘কেন হয়ে গেছি পর’ দেখা যাবে ধ্রুব মিউজিক স্টেশনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 09:42 PM

Updated : 28 Jun 2023, 09:42 PM

ধ্রুব মিউজিক স্টেশন এবারের ঈদ আয়োজনে প্রকাশ করছে ১০টি নতুন গান-ভিডিও, যাতে আছেন তারকা শিল্পীদের পাশাপাশি নবীনরাও। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৫ জুন থেকেই তাদের গানগুলো প্রকাশ শুরু হয়েছে, ১৩ জুলাই পর্যন্ত তাদের ইউটিউব চ্যানেলে সবগুলো গান-ভিডিও ধারাবাহিকভাবে প্রকাশ হবে। 

ধ্রুব মিউজিকের গানের তালিকায় রয়েছে রুনা লায়লার সুরে তানি লায়লার নতুন গান ‘কেন হয়ে গেছি পর’। গানটি রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। সঙ্গীতায়োজনে রাজা কাশেফের, আর গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটিতে মডেল হিসেবে দেখা যাবে সাদাফ ও অনন্যা প্রিয়ন্তিকে।

আঁখি আলমগীর গেয়েছেন বাউল সাধক শাহ আবদুল করিমের ‘কেমনে ভুলিবো আমি’ গানটি। সঙ্গীতায়োজন করেছেন আদিব কবির। রাজ বিশ্বাস শংকরের ভিডিও নির্দেশনায় পুরো গান জুড়েই দেখা যাবে আঁখি আলমগীরকে। 

সুমি শবনমের কণ্ঠে আসছে ‘চলো মঙ্গলগ্রহে পলাইয়া যাই’ গানটি। আকরাম হোসেনের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন চঞ্চল। কেন, কী কারণে ‘মঙ্গলগ্রহে’ যেতে চান এই শিল্পী- তা জানা যাবে ফারহান আহমেদ রাফাত নির্মিত ভিডিওতে। আলিফ এবং প্রনমীর পাশাপাশি ভিডিওতে থাকছেন সুমী শবনমও। 

Image

গামছা পলাশ ও সালমা কণ্ঠ দিয়েছেন ‘রাধা তোমার হাসিতে’ গানে।

এছাড়াও তালিকায় রয়েছে গামছা পলাশ ও সালমার কণ্ঠে ‘রাধা তোমার হাসিতে’। রাসেল কবীরের গীতিকবিতায় সুর দিয়েছেন গামছা পলাশ। সঙ্গীতায়োজন করেছেন তরিক।  

অঙ্কন ও গামছা পলাশের কণ্ঠে ‘বেয়াইন মিস রুপালী’। রাসেল কবীরের গীতিকবিতায় সুর দিয়েছেন গামছা পলাশ। সঙ্গীতায়োজন করেছেন তরিক।

শাহনাজ রহমান স্বীকৃতি ও মমিন বিশ্বাসের কণ্ঠে ‘শিখাইয়া পিরিতি’। রনক রায়হানের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রিয়েল আশিক।  

মরমী কবি হাসন রাজা ও বাউল সাধক শাহ আবদুল করিমের দুটি গানের মিক্সড ইডিএম প্রজেক্ট ‘বসন্ত বাতাসে এক্স সোনা বন্দে’ এই মিক্সড প্রজেক্টে অংশ নিয়েছেন নয়া দামানখ্যাত তসিবা, সামজ ভাই, আলোচিত র‌্যাপার রিজান ও সিয়াম হাওলাদার। 

Image

লুৎফর হাসান গেয়েছেন ‘চলো বৃষ্টি ভালোবাসি’

লুৎফর হাসানের কণ্ঠে আসছে ‘চলো বৃষ্টি ভালোবাসি’। মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর গীতিকবিতায় সুর দিয়েছেন তানিম হায়াত খান। সঙ্গীত আয়োজনে সজীব দাস।  

আহমেদ রিজভীর কথা সুরে কণ্ঠশিল্পী ধ্রুব গুহ’র গাওয়া গান ‘তোমার ইচ্ছে হলে’র ফিমেল ভার্সন আসছে কণ্ঠশিল্পী কনার কণ্ঠে। গানটির সঙ্গীতায়োজন করেছেন বিবেক মজুমদার। 

লুনা খানের কণ্ঠে ‘বুঝলো না সে আমার মন’ শিরোনামের গান-ভিডিও দেখা যাবে ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে। ওমর ফারুকের গীতিকবিতায় সুর দিয়েছেন প্রিন্স রুবেল। সঙ্গীতায়োজন করেছেন তরিক।