বাংলাদেশ শুনলেই আমি রাজি: অনুপম
“বাংলাদেশে একটা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, এটা যদি আমার ম্যানেজমেন্ট বা আমার টিম থেকে নিশ্চিত করা হয়, ব্যাস আমাকে আর কেউ আটকাতে পারবে না।”
ফের ঢাকায় গান শোনাতে এলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়।
বৃহস্পতিবার রাতে ঢাকায় ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টে গাইবেন তিনি। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।
বুধবার দুপুরে ঢাকায় পৌঁছার পর রাতে একটি হোটেলে সংবাদ সম্মেলনে আসেন অনুপম। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এই গায়ক।
দুই বাংলার শিল্পীদের একত্রে আরও বেশি কাজ করা হবে কিনা প্রশ্নে অনুপম বলেন, “এখন যেটা সুবিধা হয়েছে, ইন্টারনেটের মাধ্যমে দুই বাংলা এক হয়ে গেছে। এখানকার গান ওখানে সহজে শুনতে পারছে, ওখানকার গান এখানে সহজে শুনতে পারছে। দুই বাংলার শিল্পীরা একসঙ্গে কাজ করার ইচ্ছা তো আছেই। দুই বাংলাতেই অনেক মেধাবী শিল্পী আছেন। ভবিষ্যতে এরকম কাজ বাড়ানো যেতে পারে।”
সংগীত ক্যারিয়ারে ইতিমধ্যে আড়াইশর মতো গান প্রকাশ হয়েছে এবং আরো সাড়ে তিনশ গান প্রকাশ হয়নি বলেও জানান অনুপম।
কনসার্টে সাধারণত জনপ্রিয়তা পাওয়া গানগুলোই করা হয় উল্লেখ করে তিনি বলেন, “সব গান কিন্তু একটা অনুষ্ঠানে শোনানো যায় না। আমরা যে গান তৈরি করি, সেখানে কিছু গান দর্শক-শ্রোতা মহলে খুব বেশি আদর পায়। আবার কিছু গান থাকে অবহেলিত। যে গানগুলো খুব আদর পেয়ে থাকে কনসার্টে সেরকম গানগুলোই বেশি করা হয়। কারণ দর্শক-শ্রোতা আদর পাওয়া গানগুলোই বেশি বেশি শুনতে চায়। চেষ্টা করব, অবহেলিত গানগুলোও শোনানোর।”
কনসার্টে বাংলাদেশের দর্শকদের জন্য বিশেষ কোনো সারপ্রাইজ প্ল্যান আছে কিনা জানতে চাইলে অনুপম বলেন, “আমি জানি না, আমি নিজেই কি সারপ্রাইজ পেতে চলেছি। আমি অনেক কিছু ভেবে আসিনি।
“আমি যখন গানের মঞ্চে থাকি, তখন বুঝতে পারি না আমি কোন দেশে আছি। কারণ ভালোবাসা সব জায়গাতে প্রায় একই রকম। সেটা বাংলাদেশে হোক, আমেরিকায় হোক, এপার বাংলায় হোক আর ওপার বাংলায় হোক। ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি ঢাকায় আসতে ভীষণ ভালোবাসি, চট্টগ্রামে আসতে ভালোবাসি। যতবার আমার ম্যানেজমেন্ট থেকে জানানো হয় বাংলাদেশে একটা অনুষ্ঠান হতে পারে। আমি বহুদিন আগে থেকেই স্যুটকেস গোছাতে শুরু করি। তার কারণ এখানকার মানুষ এবং খাওয়া-দাওয়া।”
“বাংলাদেশ শুনলেই আমি রাজি। বাংলাদেশে একটা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, এটা যদি আমার ম্যানেজমেন্ট বা আমার টিম থেকে নিশ্চিত করা হয়, ব্যাস আমাকে আর কেউ আটকাতে পারবে না।”
কলকাতার মিউজিক ইন্ডাস্ট্রি নিয়েই নিজের অভিমত ব্যক্ত করেন অনুপম।
“কলকাতায় এখন ভালো গানের চর্চা হচ্ছে। মধ্যখানে দুই বছর কোভিডের কারণে কিছুটা ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও নতুন ট্যালেন্ট উঠে আসছে।”
সাম্প্রতিক সময়ে নিজের একটি গান জনপ্রিয় হয়েছে উল্লেখ করে বলেন, “আমার নিজের কথা বলতে পারি, কিছুদিন আগে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি বাংলাদেশের জয়া আহসান অভিনয় করেছেন। এই সিনেমায় একটি গান দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছে। এখনো নতুন গান তৈরি হচ্ছে, দর্শক-শ্রোতামহলে সমাদরও পাচ্ছে। বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি ভালোমতোই এগিয়ে চলেছে।”
ঢাকার কনসার্টে ব্যক্তিভাবে হিন্দি গান করার ইচ্ছা নেই বলে জানিয়ে দিলেন অনুপম। তবে দর্শক চাইলে হিন্দি গানও করবেন।
বাংলাদেশের অনেক শিল্পীর গানই পছন্দ অনুপমের। সেই সাথে বাংলাদেশের রকস্টার প্রয়াত আইয়ুব বাচ্চুর কাছে যেন কিছুটা ঋণও স্বীকার করলেন এই ভারতীয় গায়ক।
“আইয়ুব বাচ্চুর কথা তো বলতেই হবে। আমার ক্যারিয়ারের শুরুর দিকে যখন প্রথম দিকে বাংলাদেশে এসেছিলাম, কিছুটা ভয় কাজ করছিল। তখন বাচ্চু ভাই সিনিয়র শিল্পী হিসেবে আমাদের যেভাবে সাপোর্ট করেছেন, আমার খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা।”
প্রশংসা করলেন বন্ধু অর্ণবের গানেরও।
অনুপম বলেন, “এই কনসার্টে অর্ণবও গান করবে। অর্ণবের সাথে আমার বন্ধুত্ব অনেকদিন আগে থেকেই। একই মঞ্চে আমরা গান করব। এটা ভীষণ ভালো লাগার। আর জেমস ভাইয়ের কথা তো বলতেই হবে। আরও অনেক নাম আছে, যাদের কথা বলা শুরু করলে অনেক সময় লেগে যাবে।”
লেখালেখির চর্চা আনন্দ দেয় জানিয়ে অনুপম বলেন, “যে কোনো বাঙালি মাত্রই কৈশোরজীবনে লেখালেখির চেষ্টা করে। আমিও চেষ্টা করেছি। হয়তো কিছুটা চর্চার করার কারণে আরেকটু উন্নত হয়েছে। সেখান থেকেই যাত্রা শুরু। লেখালেখিটা আমাকে আনন্দ দেয়। আমি লিখলে, আমার ভেতরের যে ইমোশনগুলো আছে, সেগুলো কিছুটা শান্তি পায়।”
ঢাকার খাবারের মধ্যে কাচ্চি বিরিয়ানী ভীষণ পছন্দ বলেও জানান অনুপম। সেই সাথে ঢাকার কনসার্টে দর্শক-শ্রোতাদের ভালো কিছু সময় উপহার দিতে উদগ্রীব তিনি।
‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনস।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কনসার্টে বিকাল ৫টার দিকে মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়। রাত ১১টার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে কনসার্ট শেষ হবে।
কনসার্টটি বিকাশ অ্যাপের মাধ্যমে অনলাইনে লাইভ দেখান হবে বলেও আয়োজকেরা জানান।
