Published : 02 Mar 2023, 11:23 PM
ইউটিউবে মুক্তি পেল সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার দ্বিতীয় গান। ‘বিল্লি বিল্লি’ শিরোনামের গানটি ১০ ঘণ্টার মধ্যে প্রায় কোটি বার দেখা হয়ে গেছে।
শাহরুখ খানের পাঠান সিনেমাটিতে ক্যামিও উপস্থিতির পর ‘কিসি কা ভাই কিসি কা জান’ দিয়ে মাতাতে আসছেন ‘বলিউড ভাইজান’।
বৃহস্পতিবার বিকালে জি মিউজিকের ইউটিউব চ্যানেল মুক্তি দেওয়া হয় ‘বিল্লি বিল্লি’ গানটি। তাতে সালমানের সঙ্গে দেখা যায় পূজা হেগড়েকে।
সুখবীরের গাওয়া গানটি চিত্রায়নে একটি বিশাল উৎসবের আবহ তৈরি করা হয়, যেখানে মন খুলে নাচতে দেখা যায় সালমান ও পূজাকে।
সোশাল মিডিয়ায় ‘বিল্লি বিল্লি’ শেয়ার করে সালমান লিখেছেন, “আশা করছি, বিল্লি বিল্লি আপনাকে হাসবে, নাচাবে এবং ইতিবাচক শক্তি দেবে।”
জানুয়ারিতে ‘পাঠান’ মুক্তির দিনে প্রকাশ পেয়েছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’র ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি টিজার। তাতে অ্যাকশনের ফাঁকেই পূজা হেগড়ের সঙ্গে চুটিয়ে রোম্যান্স করতে দেখা গেছে তাকে।
টিজারের শুরুতেই অভিনেতা জানিয়ে দিয়েছিলেন, “ভালোর সাথে ভালো হবে, খারাপের সাথে খারাপ।” আরও বলেছিলেন, “আমার কোনো নাম নেই, তবে লোকে আমাকে ভাইজান বলে।”
ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রযোজনা করছেন সাজিদ নাদিদওয়ালা। আগামী ২১ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।
সর্বশেষ সালমানকে দেখা গিয়েছিল মহেশ মাঞ্জরেকারের ‘অন্তিম’ সিনেমায়। আগামীতে তাকে জ্যাকুলিন ফার্নান্দেজের বিপরীতে ‘কিক ২’ও ক্যাটরিনা কাইফের বিপরীতে ‘টাইগার ৩’ দেখা যাবে।