১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘দাদাগিরি ১০’র দিনক্ষণ জানালেন সৌরভ

নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স' শেষ হতেই দর্শকরা দেখবেন ‘দাদাগিরি'।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 12:37 PM

Updated : 18 Jan 2024, 12:37 PM

শারদীয় দুর্গোৎসবের আগেই সৌরভ গাঙ্গুলীর হাত ধরে টেলিভিশনের পর্দায় আসছে কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র সিজন ১০। গত অগাস্টে ‘দাদাগিরি’র নতুন সিজনের আগমনী খবর দিয়েছিলেন সাবেক এই ক্রিকেটার। শনিবার ইনস্টাগ্রামে দিনক্ষণ জানিয়ে দিলেন সঞ্চালক।

নতুন সিজনের ঝলক শেয়ার করে সৌরভ লিখেছেন, “বাঙালি লড়ে, বাঙালি গড়ে। বাঙালি আজও দাদাগিরি করে। আসছে ‘দাদাগিরি’র ১০ নম্বর সিজন। আগামী ৬ অক্টোবর থেকে শুক্র ও শনিবার রাত সাড়ে নয়টায় দেখা যাবে জি বাংলার পর্দায়।”

অর্থাৎ নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স' শেষ হতেই দর্শকরা দেখবেন ‘দাদাগিরি'।

বেশ কিছুদিন ধরেই ‘দাদাগিরি'র সেটের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আসছে। যেখানে সৌরভকে দেখা গেছে বিভিন্ন মুহূর্ত তুলে ধরতে।

এর আগে সৌরভ নিজেই এই শোয়ে তার লুক শেয়ার করেছিলেন।

এর আগের সিজনে জি বাংলা 'দাদাগিরি' দেখিয়েছে শনি ও রোববারে। এবারে তাতে পরিবর্তন এসেছে। 

‘দাদাগিরি' শৌয়ের সঙ্গে সৌরভ আছেন সেই শুরু থেকে। শুরুটা ২০০৯ সালে। একবার তৃতীয় সিজনে সঞ্চালনা করেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। তারপর সৌরভ ফের অনুষ্ঠানের হাল ধরেন।

এই অনুষ্ঠানে জনপ্রিয় ব্যক্তি, বিভিন্ন মাধ্যমের তারকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করা মানুষ অংশ নেন। অনুষ্ঠানে কয়েক ধাপে বুদ্ধিভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হয়। এর আগে বাংলাদেশ থেকে সংগীত শিল্পী রূনা লায়লাও 'দাদাগিরি'তে অতিথি প্রতিযোগী হয়ে গিয়েছিলেন।

সংবাদ সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)