১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যেভাবে ‘গুপী’ হলেন অনুপ

সন্দীপ জানালেন, পিয়ানো বাজিয়ে গান গাইতেন সত্যজিৎ, আর তার সঙ্গে সঙ্গে তুলে নিতেন অনুপ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2023, 04:31 PM

Updated : 16 Dec 2023, 04:32 PM

ছোট থেকেই সত্যজিৎ রায় এবং তার স্ত্রী বিজয়া রায়ের প্রিয় পাত্র ছিলেন অনুপ ঘোষাল। তাদের বাড়িতে নিয়মিতই পা পড়ত।

স্বাভাবিকভাবেই বাব-মায়ের সেই প্রিয়পাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ সত্যজিৎ-বিজয়া তনয় সন্দীপ রায়। স্মৃতির পাতা হাতড়ে তিনি শোনালেন অনুপের ‘গুপী’ হয়ে ওঠার গল্প।

আনন্দবাজার অনলাইনকে সন্দীপ বলেন, “আমাদের তো পারিবারিক সম্পর্ক। ছোট থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল তার (অনুপ)। বাবা (সত্যজিৎ রায়) যখন ‘গুপী গাইন বাঘা বাইন’ তৈরি করছেন, সে সময় নতুন কণ্ঠ খুঁজছিলেন। তখন আমার মা-ই বলেছিলেন, বাড়ির ছেলে থাকতে অন্য কাউকে নেবে কেন? ওর মেয়েরাও আমাদের বাড়িতে যাতায়াত করত।”

সন্দীপ ফিরে যান ‘হীরক রাজার দেশে’র স্মৃতিতে। জানালেন, পিয়ানো বাজিয়ে গান গাইতেন সত্যজিৎ, আর তার সঙ্গে সঙ্গে তুলে নিতেন অনুপ।

অনুপ সম্পর্কে সন্দীপ রায়ের মূল্যায়ন, “উনি নজরুল বিশেষজ্ঞ ছিলেন। খুব আড্ডাবাজ মানুষ ছিলেন। নিজেই সব সময় যোগাযোগ রাখার চেষ্টা করতেন। আমার সঙ্গে অনেক সময় কথা না হলেও পরিবারের সকলের সঙ্গে কথা হত। ওকে গান রেকর্ড করতেও দেখেছি। আর সে সময় গানের রেকর্ডিং মানে একেবারে অন্য রকম। ওর গান বাবার প্রিয় ছিল বলেই তো বার বার সেই কণ্ঠ শোনা গিয়েছে বাবার ছবিতে।”

সন্দীপ জানান, শুধু অনুপ নন, তার দিদিও গান গেয়েছিলেন সত্যজিতের ছবিতে। পারিবারিক বন্ধুকে হারিয়ে মনখারাপ তার।

শুক্রবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক অনুপ ঘোষাল।