১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘তারে জামিন পার’ সিনেমার ‘মা-ছেলের’ পুনর্মিলন

দেড় দশকের বেশি সময় পর সাফারির দেখা মিলল আমির কন্যার মেয়ের বিয়ের অনুষ্ঠানে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 01:28 PM

Updated : 16 Jan 2024, 01:28 PM

ষোল বছর আগে আমির খানের সিনেমা ‘তারে জামিন পার’ করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিল ছোট্ট দারশিল সাফারি। এরপর আর কোনো কাজে আমিরের সঙ্গে সাফারির দেখা পাওয়া যায়নি। দেড় দশকের বেশি সময় পর সাফারির দেখা মিলল আমির কন্যার বিয়ের অনুষ্ঠানে।

সেই শিশু শিল্পী এখন ২৬ বছরের যুবক। তবে কেবল সাফারি নয়, অনুষ্ঠানে গিয়েছিলেন সিনেমায় তার মায়ের ভূমিকায় অভিনয় করা টিসকা চোপড়াও।

এনডিটিভি লিখেছে, এ অনুষ্ঠানের মাধ্যমে এত বছর পর ‘মা-ছেলের’ পুনর্মিলন হল।

‘তারে জামিন পার’ সিনেমায় ঈশান নামের চরিত্র করা সাফারি ছোটবেলা থেকে নাচে পারদর্শী। সাফারি মুম্বাইয়ে যে স্কুলে নাচ শিখতেন, সেখানে গিয়েছিলেন ওই সিনেমার নির্মাতা অমল গুপ্ত।

তখনেই সাফারিকে তিনি ঈশান চরিত্রে পছন্দ করেন ।

প্রথম সিনেমা ‘তারে জামিন পার’ এর পর কয়েকটি সিনেমা, স্বল্পদৈর্ঘ্য ও সিরিজে কাজ করেছেন সাফারি। তার আরও দুটি সিনেমা হল ‘বাম বাম বোলে’ এবং ‘জখম’।

পরে অভিনয় দিয়ে সেভাবে আলোচনায় আসতে পারেননি সাফারি। তবে তিনি পেশা হিসেবে অভিনয়কেই বেছে নিতে চান।

কোনো কাজের জন্য সাফারি আমির খানের সঙ্গে কেন যোগাযোগ করেন না প্রশ্নে তিনি বলেন, “এসব বিষয়ে আমি খুব লাজুক। আমি মনে করি, আমার জন্য কোনো কাজ থাকলে তিনি (আমির খান) নিজেই আমার সঙ্গে যোগাযোগ করবেন।“

মাঝে ডান্স রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা জা’তেও পারফর্ম করেছেন এই তরুণ। এছাড়া সোশাল মিডিয়ায় নানা ধরনের কনটেন্ট তৈরি করে ভালো রোজগারও করছেন।