মানুষের বিচ্ছিন্নতা ও কল্পনার জগত নিয়ে অনুস্বরের ‘মহাশূন্যে সাইকেল’
বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটকটি।
নাট্যদল অনুস্বরের আলোচিত প্রযোজনা ‘মহাশূন্যে সাইকেল’ ফের আসছে ঢাকার মঞ্চে।
অনুস্বর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্যমে নাটকটির প্রদর্শনীর প্রস্তুতি নিয়েছে তারা। বুধবার থেকে শনিবার পর্যন্ত বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে চার দিনে মোট সাতটি প্রদর্শনী হবে ‘মহাশূন্যে সাইকেল’ নাটকের।
বুধবার নীলিমা ইব্রাহীম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় হবে নাটকের প্রথম শো। বৃহস্পতিবার বিকাল ৫টা ও সাড়ে ৭টায় এবং শুক্রবার ও শনিবার আগের দিনের মত একই সময়ে দেখা যাবে নাটকটি।
কথাসাহিত্যিক শাহাদুজ্জামান রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।
গত বছর ডিসেম্বরে এককালীন আয়োজনে নাটকটি পাঁচ দিনে আটটি প্রদর্শনী হয়েছিল।
আলো-প্রক্ষেপণ, মঞ্চসজ্জা ও শিল্পীদের অভিনয়-সব মিলিয়ে সে সময় সোশাল মিডিয়ায়ও আলোচনা তৈরি করে এই প্রযোজনা।
নাটকটি নিয়ে নির্দেশক সাইফ সুমন বলেন, "ভোগবাদিতা আর ব্যক্তিস্বার্থের কারণে মানুষ এখন প্রতিনিয়তই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরিবার, বন্ধু, সমাজ, সবকিছুর মাঝেই থেকে আমরা একসময় একা অনুভব করি। কখনো কখনো বাস্তবের তুলনায় কল্পনা বা অলৌকিক জগত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- নাটকে সেই অভিজ্ঞতাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।"
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ বারী, সাইফ সুমন, প্রশান্ত হালদার, এস আর সম্পদ, নুরুজ্জামান সরকার, রীমা, জীহান ইমতু, মোহাম্মদ রাকিব ও তানভীন।
