Published : 27 Jun 2024, 02:34 PM
নব্বইয়ের দশকের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘আজ রবিবার’ এর নির্মাতা মনির হোসেন জীবন মারা গেছেন।
বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই নির্মাতাকে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

সাগর গ্লিটজকে বলেন, “জীবন ভাই রাতে হঠাৎ ব্রেন স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
“সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে তাকে শেষ শ্রদ্ধা নিবেদনের পরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এখন লাশ নিয়ে আমরা নরসিংদীর মনোহরদী যাচ্ছি। সেখানে বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় জানাজা শেষে কুতুবদী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জীবনকে।”
১৯৯৩ সালে হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয় মনির হোসেন জীবনের। এর অগে সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ সিনেমায় সহকারী পরিচালক ছিলেন তিনি। পরে ‘নক্ষত্রের রাত’ নাটকে প্রথম প্রধান সহকারী হিসেবে কাজ করেন।

‘আজ রবিবার’ নাটক নির্মাণ দিয়েই টিভি মিডিয়ায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মনির হোসেন জীবন। এটি নব্বইয়ের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি ধারাবাহিক।
মনির হোসেন জীবনের পরিচালিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘চোর কাঁটা’, ‘আলী বাবা চল্লিশ স্মাগলার’, ‘অভিমানী’, ‘গুজব’, ‘ভবের মানুষ’ ইত্যাদি।

২০০০ সাল থেকে মনির হোসেন জীবন তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘স্বাধীন চলচ্চিত্র’ গঠন করেন। তার প্রতিষ্ঠান থেকে তিনি বেশকিছু একক নাটক নির্মাণ করেন।
এর মধ্যে ‘শাদা কাগজ’, ‘বন্যার চোখে জল’, ‘অপ্রত্যাশিত প্রত্যাশা’, ‘অতঃপর নিঃস্বঙ্গতা’, ‘একজন ময়না’, ‘গানম্যান’, ‘বিবাহ সংকট’, ‘কোরবান আলীর কোরবানী’ উল্লেখযোগ্য।
এছাড়া টেলিফিল্ম, ধারাবাহিক নাটক, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, বিজ্ঞাপনও নির্মাণ করেছেন তিনি।