১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চার মাস পিছিয়ে ‘পুষ্পা ২’ আসছে বছর শেষে

১৫ অগাস্টের বদলে আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে আল্লু অর্জুন ও রাশমিকা মানদানার ‘পুষ্পা: দ্য রুল’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2024, 11:22 AM

Updated : 10 Sep 2026, 12:08 PM

দক্ষিণ ভারতীয় সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’ দেশটির স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে না।

এনডিটিভি জানিয়েছে, ১৫ অগাস্টের বদলে আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে আল্লু অর্জুন ও রাশমিকা মানদানা অভিনীত এই সিনেমা। 

প্রযোজনা সংস্থা মিথ্রি মুভি মেকার্স মাইক্রো ব্লগিং সাইট এক্সে সিনেমা মুক্তির নতুন এই তারিখ ঘোষণা করেছে। 

সিনেমার কিছু শুটিং এখনো বাকি আছে এবং পোস্ট প্রোডাকশন কাজের জন্য আরো সময় প্রয়োজন বলে মনে করছে প্রযোজনা সংস্থা। সেজন্য সিনেমা মুক্তির নতুন তারিখ ঠিক করেছে তারা।

মিথ্রি মুভি মেকার্স বলছে, “প্রথম কিস্তির অভূতপূর্ব সাফল্যের পর আমাদের সেরাটা দেওয়ার দায়িত্ব বেড়ে গেছে। আমরা সিনেমার কাজ সম্পূর্ণ করতে এবং সময়মত মুক্তি দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সিনেমা পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্তটি চলচ্চিত্র, দর্শক এবং সমস্ত অংশীদারদের স্বার্থে নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য মানের সঙ্গে আপস না করে বড় পর্দায় সিনেমাটি মুক্তি দেওয়া।” 

মিথ্রি মুভি মেকার্স বলেছে, “ নানা ভাষায় মুক্তি পাওয়া সিনেমার টিজার, গান হৃদয়গ্রাহী হয়েছে। এবং আমরা এমন সিনেমা করার প্রতিশ্রুতি দিই যা দর্শকরা সত্যিই পছন্দ করবেন।”

প্রথমে কথা ছিল, গেল বছরের শেষ দিকে মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’। কিন্তু শুটিং শিডিউল নিয়ে জটিলতা, চিত্রনাট্যে রদবদল, অভিনয় শিল্পীদের মধ্যে মনোমালিন্যসহ নানা জটিলতায় মুক্তি আটকে যায়। 

তারপর কিছুদিন আগে ঠিক হয়, চলতি বছর ভারতের স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। কিন্তু সেই তারিখও পিছিয়ে গেল। 

২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। নির্মাতা বান্দ্রেদি সুকুমারের প্রত্যাশা, অর্জুন ও রাশমিকা অভিনীত ‘পুষ্পা: দ্য রুল’ হতে চলেছে বছরের সেরা সিনেমা।

এই সিনেমার একটি নতুন পোস্টারও এসেছে সোশাল মিডিয়ায়। তাতে আল্লু অর্জুনকে একটি তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকতে দেখে গেছে।