০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’

পাইরেসির শঙ্কার কারণে প্রথম দুই সপ্তাহ শুধুমাত্র মাল্টিপ্লেক্সে চলেছে সিনেমাটি।

৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’
'রাক্ষস' সিনেমার পোস্টার। ছবি: প্রযোজকের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2026, 01:41 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদের 'রাক্ষস' সিনেমাটি তৃতীয় সপ্তাহে এসে দেশের একক প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে। 

শুক্রবার থেকে দেশের ৩০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। 

সিনেমার প্রযোজক শাহরীন আক্তার সুমি বিজ্ঞপ্তিতে বলেছেন, শুক্রবার থেকে দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’। প্রথম ধাপে প্রায় ৩০টি হলে সিনেমাটি প্রদর্শিত হবে। 

ঢাকার যেসব হলে সিনেমাটি মুক্তি পাবে সেগুলো হচ্ছে- মধুমিতা, আনন্দ ও শ্যামলী সিনেমা হল, সৈনিক ক্লাব। ঢাকার বাইরে নারায়ণগঞ্জের সিনেস্কোপ, গ্র্যান্ড মুভি থিয়েটার সিলেট, যশোরের মনিহার সিনেমা হল ও মনিহার সিনেপ্লেক্স, বগুড়ার মম ইন ও মধুবন সিনেপ্লেক্স, রাজশাহীর রাজ তিলক হল, চট্টগ্রামের সুগন্ধা হল, কুষ্টিয়ার স্বপ্নীল হলসহ আরও কিছু হলে চলবে সিনেমাটি।  

সুমি বলেন, "পাইরেসির শঙ্কার কারণে প্রথম দুই সপ্তাহ শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয়। দর্শকদের অনেকের অনুরোধ ছিল কবে সিঙ্গেল স্ক্রিনে 'রাক্ষস' আসবে। এবার মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি উপভোগ করতে পারবেন তারা। প্রথম ধাপে আমরা ৩০টি হলে মুক্তি দিচ্ছি, পরবর্তী সপ্তাহে শতাধিক হলে মুক্তির পরিকল্পনা রয়েছে।" 

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জল বলেন, "ঈদের প্রথম দুই সপ্তাহ আমরা শাকিব খানের ‘প্রিন্স’ চালিয়েছি। এবার ‘রাক্ষস’ চালাব। এটি পুরোপুরি কমার্শিয়াল সিনেমা, সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা করবে বলেই বিশ্বাস।" 

সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার দ্বিতীয় সিনেমা; প্রথমটি ছিল ‘বরবাদ’। 

'রাক্ষস' সিনেমায় উঠে এসেছে একটি পাগলাটে প্রেমের গল্প। অ্যাকশন ও সহিংসতার ভরপুর এই সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়; আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। 

সিনেমাটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।