Published : 17 Mar 2026, 02:08 PM
সত্য ঘটনা অবলম্বনে রোজার ঈদের জন্য পরিচালক মাহিন খান নির্মাণ করেছেন নাটক ‘বেসড অন ট্রু স্টোরি’ ।
নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির।
ঈদ ঘিরে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, ঈদের বিশেষ আয়োজনে প্রচার হবে নাটকটি। সম্প্রচারের সময়সূচি পরে জানানো হবে।
মাহিন খান জানিয়েছেন, নিজের দেখা একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তিনি নাটকটি নির্মাণ করেছেন।
নাটকের চিত্রনাট্যে দেখাবে, ভালোবেসে বিয়ে করা সোনিয়া ও পলাশ স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। বিদেশে স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণ হলেও আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে শুরু হয় তাদের নতুন জীবন। সোনিয়া পড়াশোনা চালিয়ে যেতে থাকলেও পলাশ একটি রেস্টুরেন্টে চাকরি করে সংসার চালান।
অভাবের চাপ সামলাতে সোনিয়া নিজেও কাজ করতে চান। এক বান্ধবীর সহায়তায় একটি পোশাকের শোরুমে খণ্ডকালীন চাকরিও পান তিনি। তবে শুরুতে এতে আপত্তি জানায় পলাশ। এ নিয়ে দাম্পত্যে শুরু হয় মতবিরোধ। শেষ পর্যন্ত পলাশকে রাজি করিয়ে কাজে যোগ দেন সোনিয়া।

এরপর থেকেই বদলে যেতে থাকে তাদের সম্পর্কের সমীকরণ। কর্মক্ষেত্রে সোনিয়ার প্রশংসা, দেরিতে বাসায় ফেরা এবং বসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ পলাশের মনে সন্দেহ ও অস্বস্তির জন্ম দেয়। ছোট ছোট বিষয় নিয়ে বাড়তে থাকে দূরত্ব। একপর্যায়ে সংসার ছাড়ার সিদ্ধান্ত নেয় সোনিয়া। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় যখন এক অপ্রত্যাশিত পরিস্থিতিতে সোনিয়ার মুখোমুখি হয় পলাশ। কী হয় সোনিয়ার জীবনে সেটাই দেখা যাবে নাটকে।
নাটকটি দর্শকের পছন্দ হবে এমনটাই আশা রাখছেন নির্মাতা।