Published : 09 Apr 2026, 09:34 PM
বিয়েবাড়ির আবহে একটি প্রাসাদে গা ছমছমে সব ঘটনা, সঙ্গে দমফাটানো হাসি এবং প্রেম। আলোচিত হিন্দি সিনেমা ‘ভুত বাংলা’র ট্রেইলার আভাস দিয়েছে এমন একটি জমজমাট সিনেমার।
এই কাজের মাধ্যমে পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে ১৪ বছরের বেশি সময় পর কাজ করেছেন বলিউডি অভিনেতা অক্ষয় কুমার। অতীতে অক্ষয়-প্রিয়দর্শন ‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মাসালা’সহ একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন।
গেল মার্চে ‘ভূত বাংলা’র টিজার দেখে অনেকে গুলিয়ে ফেলেছিলেন সিনেমাটি ‘ভুল ভুলাইয়া’র সিকুয়েল কী না। তবে ট্রেইলার দিল ভিন্ন বার্তা।
এনডিটিভি লিখেছে, পরিচালক প্রিয়দর্শন এই সিনেমা্য় নতুন চমক রেখেছেন। গল্পের প্রেক্ষাপট মঙ্গলপুর গ্রাম। এক রহস্যময় জায়গা। সেই গ্রামকে অভিশপ্ত বললেও অত্যুক্তি হবে না! কারণ এই গ্রামে বিয়ের সানাই বাজলেই ভয়ের সব ঘটনা ঘটে। তাই গ্রামে বিয়ে মানেই আতঙ্ক! তবে ‘ভূত বাংলা’য় ওই গ্রামে বিয়েতে আসা অতিথিরা সেসম্পর্কে আগে থেকে ঘুণাক্ষরেও টের পাননি। কিন্তু সেখানে থাকতে গিয়েই নানা অদ্ভুত সব ঘটনার শিকার হতে হয় সবাইকে।
ট্রেইলারে ধরা পড়েছে পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানির সঙ্গে অক্ষয় কুমারের কৌতুক সমীকরণ। আছেন ওয়ামিকা গাব্বি, দুই বাঙালি অভিনেতা রাজেশ শর্মা, যিশু সেনগুপ্তও। পরিবারের বয়ঃজ্যেষ্ঠ সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন যিশু। ট্রেইলারের ভিডিওতে অভিনেত্রী টাবুর চরিত্রের মধ্য দিয়ে অতিপ্রাকৃত বিষয়ের ইঙ্গিতও দিয়েছেন পরিচালক।
সিনেমার শুটিং হয়েছে কেরালা, শ্রীলঙ্কা ও গুজরাটে। আগামী ১৬ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে এই সিনেমাটি।
কোভিড মহামারীর পর থেকে একের পর এক সিনেমা করে চলেছেন। সেগুলোর বেশিরভাগই লাভের মুখ দেখেনি। তবে প্রিয়দর্শনের কাজে অক্ষয়ের ফেরার বিষয়টি আশা তৈরি করেছে।