১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেকড়ের সঙ্গে হাঁটছেন হৃত্বিক, মারকাটারি অ্যাকশনে এনটিআর

হিন্দি, তামিল, তেলেগু ভাষায় ‘ওয়ার টু’ মুক্তি পাবে আগামী ১৪ অগাস্টে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 10:05 AM

Updated : 10 Sep 2026, 12:55 PM

বলিউডের যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিনেমা মানেই অ্যাকশনের নতুন ধাঁচ। সেটি ফের দেখা গেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়ার টু’ সিনেমার ট্রেইলারে।

ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দুর্ধর্ষ অ্যাকশনে মাতিয়ে রেখেছেন হৃত্বিক রোশান। তবে আড়াই মিনিটের ঝলকে সব থেকে বেশি নজর কেড়েছে হৃত্বিকের সঙ্গে কিয়ারা আদভানির অ্যাকশন দৃশ্য।

ভিডিওর শুরুতে কবীরের চরিত্রে হৃত্বিককে নেকড়ের সঙ্গে হেঁটে আসতে দেখা যায় নায়কোচিত ভঙ্গিতে। সঙ্গে আছে ভারতীয় সৈনিক এবং গুপ্তচর হিসেবে তার শপথ উচ্চারণ। 

হৃত্বিক বলেন, “আমি শপথ করছি যে, আমি আমার নাম, আমার পরিচয়, আমার বাড়ি এবং পরিবার ত্যাগ করব এবং একটি অজ্ঞাত, নামহীন, অজানা ছায়া হয়ে থাকব।”

এরপরে, জুনিয়র এনটিআরকেও একই রকমভাবে শপথ নিতে দেখা যায়। 

তিনি বলেন, “আমি শপথ করছি, আমি এমন সব কিছু করব যা অন্য কেউ করতে পারবে না। আমি এমন যুদ্ধ করব যা অন্য কেউ করতে পারবে না।”

‘ওয়ার টু’ সিনেমায় হৃত্বিক এবং দক্ষিণের অভিনেতা জুনিয়র এনটিআর কতটা অ্যাকশন করতে পারেন তা জানার জন্য দর্শকরা অনেক সময় কৌতুহল প্রকাশ করেছেন। এই ঝলকে সেই কৌতুহল কিছুটা মিটিয়েছে যশরাজ ফিল্মস।

হিন্দি, তামিল, তেলেগু ভাষায় আদিত্য চোপড়া প্রযোজিত ‘ওয়ার টু’ মুক্তি পাবে আগামী ১৪ অগাস্টে।