১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শহুরে সম্পর্কের জটিলতা নিয়ে সিনেমা ‘একসাথে আলাদা’

প্রথমবারের মত পর্দায় একসঙ্গে ইয়াশ রোহান ও পারসা ইভানা।

শহুরে সম্পর্কের জটিলতা নিয়ে সিনেমা ‘একসাথে আলাদা’
‘একসাথে আলাদা’ সিনেমার অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও পারসা ইভানা। ছবি: হইচইয়ের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 12:43 AM

Updated : 26 Aug 2026, 05:37 PM

নগরজীবনের দ্রুতগতির ছকে ভালোবাসা এখন আগের মত সরল নয়; কাজের চাপ, ব্যক্তিগত স্বপ্ন, সময়ের অভাব এবং নিজের প্রয়োজন সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ আরও জটিল ও সংবেদনশীল। এই বাস্তবতাকে ঘিরে নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘একসাথে আলাদা’।

রেজাউর রহমানের নির্মাণে সিনেমাটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমায় প্রথমবারের মত একসঙ্গে পর্দায় দেখা যাবে ইয়াশ রোহান ও পারসা ইভানাকে। হইচইয়ের সঙ্গেও এটি তাদের প্রথম কাজ। 

চিত্রনাট্য নিয়ে বিজ্ঞপ্তিতে নির্মাতা জানিয়েছেন, ‘একসাথে আলাদা’ শুধু প্রেমের গল্প নয়। এটি শহুরে সম্পর্কের টানাপোড়েনের প্রতিচ্ছবি। 

“ভালোবাসা থাকা সত্ত্বেও মানুষ কেন একে অপরের থেকে দূরে সরে যায় এবং সেই দূরত্বের মাঝেই জন্ম নেয় নতুন উপলব্ধি। দর্শক এই সিনেমাটি দেখে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন।” 

সিনেমায় আরও অভিনয় করেছেন তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ একঝাঁক শিল্পী। 

সীমিত সময়ের মধ্যে চরিত্র গড়ে তোলা, সম্পর্কের স্তর তৈরি করা এবং দর্শককে আবেগের সঙ্গে যুক্ত রাখা নির্মাতার জন্য বড় চ্যালেঞ্জ ছিল বলে জানিয়েছেন নির্মাতা।  

“আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি, যেখানে ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্পেস ও ক্যারিয়ারের চাপের কারণে সম্পর্কের ভাষা বদলে যাচ্ছে। মানুষ একসাথে থেকেও আলাদা হয়ে যাচ্ছে। ইয়াশ ও পারসা দুজনেই চরিত্রে আন্তরিকভাবে কাজ করেছেন। দর্শক এই গল্পে নিজেদের জীবনের অনেক অংশ খুঁজে পাবেন।”

সিনেমাটি নিয়ে ইয়াশ রোহান বলেন, “চিত্রনাট্য পড়ার সময় মনে হয়েছিল, এটি খুব পরিচিত গল্প। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে, যারা ভালোবাসে, কিন্তু ঠিকভাবে তা ধরে রাখতে পারে না। পোস্টার প্রকাশের পর দর্শকদের আগ্রহ দেখে প্রত্যাশা আরও বেড়েছে।”

পারসা ইভানা বলেন, “চরিত্রটি আমার আগের কাজের থেকে আলাদা। বাইরে থেকে এটি রোমান্টিক কমেডি মনে হলেও, এর ভেতরে রয়েছে অনেক সূক্ষ্ম মানবিক অনুভূতি দ্বিধা, ভয়, না বলা কথা। আমরা চেষ্টা করেছি চরিত্রগুলোর সেই নীরব আবেগগুলো সত্যি করে পর্দায় তুলে ধরতে।” 

‘একসাথে আলাদা’ সিনেমাটি ঈদের সময়ে হইচইয়ে মুক্তি পাবে।