কলকাতায় ‘হাওয়া’র তুফান; দর্শকচাপে বাড়তি শো
নন্দনে মেঝেতে বসেও ‘হাওয়া’ দেখেছেন দর্শকরা, হলে মুক্তির দাবি।
বাংলাদেশে ঝড় তুলে ‘হাওয়া’ গেছে কলকাতায়; সেখানে সিনে উৎসবে দর্শকচাপে সিনেমটির শো বাড়ানো হয়েছে; আসন সংকটে মেঝেতে বসেও ছবিটি দেখেছেন অনেকে।
শনিবার থেকে কলকাতায় শুরু হয়েছে ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’, রবীন্দ্রসদনের নন্দনে এই উৎসবের চতুর্থ আসরে দেখানো হচ্ছে মেজবাউর রহমান সুমন নির্মিত সিনেমাটি।
আনন্দবাজার জানিয়েছে, প্রথম দিন নন্দনে শো ছিল বেলা দেড়টায়। কিন্তু বেলা সোয়া ১১টায় দর্শকের লম্বা লাইন নন্দন ছাড়িয়ে গগনেন্দ্র শিল্পপ্রদর্শনশালার সামনে গিয়ে পৌঁছায়।
সোশাল মিডিয়ায় আসা ছবি আর ভিডিওতেও নন্দনের বাইরে দীর্ঘ লাইন দেখা যায়। সিট না পেয়ে অনেকে মেঝেতে বসেও সিনেমা দেখার কথা ফেইসবুকে লিখেছেন।
আর যারা সেই সুযোগও পাননি, তারা হতাশা প্রকাশ করেছেন। দর্শকদের অনেকে সিনেমাটি হলে মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছেন।
রোববার রাতে হাওয়া সিনেমার ফেইসবুক পেইজে কলকাতার দর্শকদের জন্য জানানো হয় সুখবর। সেখানে বলা হয়, “প্রচুর দর্শকচাপে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে হাওয়া সিনেমার শো সংখ্যা বাড়ানো হয়েছে। অনেক ভালবাসা এবং কৃতজ্ঞতা কাঁটাতারের ওপারের দর্শক এবং সমর্থকদের।”
নির্মাতা মেজবাউর রহমান সুমন সোমবার টেলিফোনে গ্লিটজকে বলেন, “প্রায় ৯০০ সিটের হল ফুলফিল হয়ে গেলে দর্শক মেঝেতে বসে সিনেমা দেখেন। অনেকেই দুপুরের শো দেখে বের হয়ে আবার সন্ধ্যার শো দেখার জন্য লাইনে দাঁড়ান। হাওয়া দেখার সুযোগ না পেয়ে ফিরে যাওয়া দর্শকের সংখ্যাও বিশাল। তারা পশ্চিমবঙ্গের হলে হাওয়া মুক্তির দাবি জানিয়েছেন। দর্শকদের অনুরোধে, আয়োকজরা দুটো শো বাড়ানোর সিদ্ধান্ত নেন। পুরো উৎসবে হাওয়ার যেখানে চারটি শো হওয়ার কথা ছিল এখন সেখানে ছয়টি শো হবে।”
পশ্চিমবঙ্গের দর্শকদের উচ্ছ্বাস ও হলে মুক্তির দাবিকে গুরুত্বের সঙ্গে দেখছেন সুমন। বললেন, “আমরা পশ্চিমবঙ্গে হওয়া মুক্তি দেওয়ার চেষ্টা করছি। তবে দুই দেশের চলচ্চিত্র বিনিময়ের যে চুক্তি, সে চুক্তির আওতায় এক দেশের সিনেমা আরেক দেশে মুক্তি দেওয়া খুবই ডিফিকাল্ট।”
সোশাল মিডিয়ায় হাওয়ার সঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরীকেও প্রশংসায় ভাসিয়েছেন কলকতার দর্শক। চঞ্চলের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন কেউ কেউ।
আনন্দবাজার লিখেছে, “শনিবার কলকাতার নন্দন প্রাঙ্গণে কান পাতলে যেন শোনা যাচ্ছিল এই সুরই। থিক থিক করছে মাথা। পাঁচ হাজার মানুষ তো হবেই। শেষ হয় তো শ্রীভূমির দুর্গাপুজোর প্যান্ডেলে এমন ভিড় দেখা গিয়েছিল। প্রতিমা দর্শনের উত্তেজনার পর মনে হয় এই চঞ্চল দর্শনের ভিড়।”
নির্মাতা রাজ চক্রবর্তী তার স্ত্রী চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে এসেছিলেন হাওয়া দেখতে। সিনেমাটি দেখার পর অভিনয়শিল্পীদের কাজ এবং সিনেমার নির্মাণশৈলীতে মুগ্ধ রাজ, বিশেষ করে তার নজর কেড়েছে অভিনেতা চঞ্চল চৌধুরী।
ফেইসবুক পোস্টে রাজ লিখেছেন, “অসাধারণ অভিনয়, ক্যামেরা, ডিরেকশন এবং যার কথা সব থেকে বেশি বলতে হয়, চঞ্চল চৌধুরী। তিনি এলেন, অভিনয় করলেন এবং জয় করে নিলেন আমাদের মন৷ পুরো কাস্ট অ্যান্ড ক্রুকে ধন্যবাদ, অসাধারণ এই ছবি তৈরির জন্য।“
হাওয়া দেখে আবীর রায় নামের এক দর্শক চলচ্চিত্রকেন্দ্রীক গ্রুপ ‘সিনে মে সিনেমা’য় লিখেছেন, “বাংলাদেশের হাওয়া পারল। এই ছবিটি দেখার পর মনে হবে গত দশ বছরের একটা সেরা সিনেমা বটে। পশ্চিমবঙ্গের ছবি কেন দেখতে হলে যায় না এটি তার জবাব দেয়। এটি দেখতে ভোর থেকে লাইন পড়েছিল। “
একজন হল থেকে বেরিয়ে বললেন, “এটির টিকেট ৫০০ টাকা হলেও আরও কয়েকবার দেখতাম। এই ছবি কলকাতার হলে আসলে হয়তো অনেক মানুষের সিনেমার টেস্ট বদলে যাবে।”
‘হাওয়া’ দেখতে না পেয়ে শ্রেষ্ঠা দাস নামের একজন লিখেছেন, “এই সিনেমাটা সত্যিই হলে মুক্তি দেওয়া উচিত। আমার দেখতে ইচ্ছে করছিল কিন্তু কাজের চাপে নন্দন গিয়ে লাইন দেওয়া সম্ভব ছিল না।”
শাশ্বতী বোস নামে আরও একজন ‘সিনে মে সিনেমা’ গ্রুপে লিখেছেন, “চঞ্চল চৌধুরী সাহেব আমার প্রিয় অভিনেতা। এই সুযোগ হাতছাড়া করতাম না। তাই যেমন ভাবা, তেমন কাজ। শনিবার নন্দনে সন্ধ্যা ৬টার শোতে প্রায় ৩ ঘন্টা লাইন দিয়ে, সুযোগ পেলাম হাওয়া দেখার। নির্ভেজাল হাস্যরস, জমজমাট রহস্য, এই ছবিতে সবকটি ফর্মুলাই উপস্থিত।
“চান মাঝির ভূমিকায় চঞ্চল চৌধুরী কিছু জায়গাতে হাড়হিম করা ভয় ধরিয়ে দিয়েছেন। ঠিক জলের উপমাটা দেব এখানে - চঞ্চল বাবু ঠিক জলের মতন, যেই পাত্রে রাখা হবে, তারই আকার ধারণ করবেন৷ শরিফুল রাজ লম্বা রেসে দৌড়াতে এসেছেন, যেটা থামার আপাতত কোনো সুযোগ নেই। নাজিফা তুষী, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডলসহ প্রতিটি অভিনেতা যোগ্য সংগত করেছেন।”
সাগ্নিক ভট্টাচর্য নামে একজন সিনেমার নানা দিক নিয়ে দীর্ঘ আলোচনার শুরুতে লিখেছেন, “হাওয়া দেখে এলাম। হ্যাঁ, আমি নিজেকে সেই কতিপয় ভাগ্যবানদের মধ্যেই মনে করি যারা আজ নন্দন-১ এ দুটি শোয়ে হাওয়া দেখেছেন। নন্দন-২ তে আরও দুটি শো আছে। তবে এ সিনেমা যত বড় পর্দায় দেখা যায় তত ভালো।
তার ভাষ্য, “সিনেমাটা তৈরি হয়েছে সবচেয়ে বড় স্ক্রিনে দেখার জন্য। লাইফ অব পাই বড় পর্দায় না দেখতে পাওয়ার যে আক্ষেপ ছিল, তার খানিকটা আজকে পূরণ হলো হাওয়া দেখে। আমি একেবারেই বলছি না দুটো একই স্ট্যান্ডার্ড এর সিনেমা, কিন্তু এমন বিশাল সামুদ্রিক ল্যান্ডস্কেপ কে ক্যামেরায় ধরার প্রচেষ্টা খুব কম দেখা যায়।”
রিভিউয়ের শেষে সাগ্নিক কলকাতার দর্শকদের উদ্দেশে লেখেন, “তার চেয়ে বরং দেখে আসুন সিনেমাটা। জীবনেও ভুলবেন না।”
সৌম্যজিত দেবনাথ লিখেছেন, “হাওয়া সিনেমায় চঞ্চল চৌধুরীর কথা বাদ দিয়ে প্রথমে যদি বাকিদের কথা বলি, আমাদের স্বর্ণযুগের পরিচালকরা নন-প্রফেশনাল অভিনেতাদের দিয়ে যেমন কঠিন অথচ ভীষণ রিয়েল একটা ম্যানারিজম নিয়ে আসতেন, এরা ঠিক তেমনই। কিন্তু এদের প্রায় সকলেই পেশাদার অভিনেতা।”
এরপরই চঞ্চল চৌধুরীর প্রসঙ্গ টেনে লেখেন, “আর চঞ্চলের কথা কি-ই বা বলি! লোকটা বারংবার বাকরুদ্ধ করে দিতে ওস্তাদ। যারা তার নানা ধরণের কাজ দেখে অভ্যস্ত তারা জানেন এই লোকটির কি অপরিসীম বর্ণালী।”
সবশেষে চঞ্চল চৌধুরীর সঙ্গে দেখা হওয়ার অনুভূতি ব্যক্ত করে সাগ্নিক লিখেছেন, “ভারতে হাওয়া-এর প্রথম শো-তে থাকতে পেরে যারপরনাই খুশি। অনেক সুখকর অভিজ্ঞতা হলো। ছবি দেখা শেষে মাত্র দু’মিনিটের অতি সংক্ষিপ্ত বাক্যালাপ হলো প্রিয় মানুষটির সঙ্গে। নিঃসন্দেহে বলছি, এত মাটির মানুষের সঙ্গে আমার বহুকাল সাক্ষাৎ হয়নি।”
অর্কপাল দত্ত নামের এক দর্শক তার সঙ্গে আসা আরও চারজনকে ট্যাগ করে একটি পোস্ট দেন। তিনি লেখেন, “ঘন্টা চারেক লাইন, মাঝে গলা ভেজানো লেবু চা, ঠোঁট ভেজানো সিগারেট; গেটের মুখে ‘হাউসফুল’ বার্তায় ফেরৎ আসার মুখে, পুলিশ কাকু ও নন্দন কর্তৃপক্ষের সঙ্গে বচসায় ও ভালোবাসায় অবশেষে মাটিতে বসে দেখা প্রথম সিনেমা।”
তিনি লেখেন, “সিনেমা যদি নাও দেখতে পেতাম, তবুও আফসোস থাকতো না। বাংলা সিনেমার জন্য লোকে রোদ মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিচ্ছে- এর থেকে ভালো ক্লাইম্যাক্স আর কিছু হতে পারে না।…। চঞ্চল চৌধুরীসহ সিনেমার সঙ্গে যুক্ত সকলকে অজস্র অভিনন্দন৷”
সৌম্যদীপ বসু তার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে লিখেছেন, “গতকাল হাওয়ার স্ত্রিনিং ছিল নন্দনে৷ দীর্ঘ ১০ ঘন্টার লাইনও দিয়েছেন মানু্ষ। আমি নিজেই ৪ ঘন্টার লাইন দিয়েছিলাম৷ তবে এই সিনেমা দেখার অভিজ্ঞতার কাছে অপেক্ষা বা দীর্ঘ লাইন কিছুই না৷”
“এর সাথে এই সিনেমায় আছেন চঞ্চল চৌধুরী। এই মুহূর্তে উপমহাদেশের সেরা অভিনেতাদের অন্যতম দু'জন বাংলাদেশের মোশারফ করিম এবং চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী প্রতিটি সিনেমায় নিজেকে জাত অভিনেতা হিসাবে প্রতিষ্ঠা করেই চলেছেন৷ তার সাথে অন্যান্য অভিনেতারা যেমন শরিফুল রাজ বা নাসিরুদ্দিন খান বা সোহেল মণ্ডল দিয়েছেন অনবদ্য সঙ্গ। একমাত্র নারী চরিত্রে নাজিফা তুষীও বেশ ভালো৷”
তিনি লিখেছেন, “হাওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যিই এক ঝলক দমকা হাওয়া৷ একগুচ্ছ ট্র্যাশ বাংলা সিনেমার পাশে দাঁড়াতে দাঁড়াতে মানুষ যখন ক্লান্ত তখন অপরাজিত বা বল্লভপুরের রূপকথার মতো সিনেমার পাশে ওপার বাংলা থেকে হাওয়ার মত সিনেমা এসে আমাদের বলে যায় যে সিনেমার পাশে আলাদা করে দাঁড়াতে হবে না সে নিজেই নিজের জায়গা করে নেবে৷”
সৌম্যদীপ তার বন্ধুদের হাওয়া ও অন্যসব বাংলাদেশের সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে লেখেন, “পারলে সকলে 'হাওয়া' দেখে আসুন৷ নিরাশ হবেন না৷ সাথে অন্যান্য বেশ কিছু ভাল সিনেমাও চলছে বাংলাদেশের সেগুলোও দেখতে পারেন৷”
মৈত্রী ঘোষ বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে লিখেছেন, “পলক ফেলার বিরাম না থাকা সত্ত্বেও যখন চোখের আর মনের আরাম হয়... ঠিক যেন একটা আলতো হাওয়ারই বয়ে যাওয়া... এখনও যেন মাঝ দরিয়ায় বোটে দুলছি... আর প্রতিটা ফ্রেমের পাল তুলে এগিয়ে চলছে ছবি... এখনও চলছে...!”
‘হাওয়ায় হাওয়ায়, এই আকাশে’ শিরোনাম দিয়ে স্নেহা সোম লিখেছেন, “দীর্ঘ অপেক্ষা। এমনটা কখনোই করিনি। কাল রাত থেকে ঘুম ছিলো না। উত্তেজনায় টানটান হয়ে ভেবেছি। অপেক্ষা ব্যর্থ হওয়ার আশঙ্কায়, চমকে চোখ খুলেছি সকালে। তারপর দৌড়।”
চঞ্চল চৌধুরীকে সামনে থেকে দেখার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি লেখেন, “এভাবেই মনে হয় স্বপ্নপূরণ হয়। চঞ্চল চৌধুরীকে অনেক শুভেচ্ছা 'হাওয়া'র জন্য। পৃথিবীতে তা পূর্ণতা পাক। আর অভিনয়ের একটার পর একটা আঙিনা টপকে যাক আমাদের আয়না, আমাদের চিরভাস্মর রংমশাল।”
সৌম্যজিৎ দেবনাথ হাওয়ার উম্মাদনা নিয়ে লিখেছেন, “শুনলাম গতকাল সন্ধ্যে ৬টার শোতে নন্দন ১-এ মানুষ সিট না পেয়ে সিঁড়ির ধাপে বসে হাওয়া দেখেছে। সত্যিই বাংলার অডিয়েন্স এমন ছবি ডিজার্ভ করে। ভারত-বাংলাদেশের ক্রিকেট ম্যাচে দুপক্ষের মধ্যে যে বাকবিতণ্ডা, চলে তার চূড়ান্ত অবসান হয়ে যায় শিল্পে, সাহিত্যে!
“দু'দিন আগেই যে হয়তো কোনো বাংলাদেশী সমর্থকের সঙ্গে ‘নো বল ছিল কিনা’ নিয়ে গালাগালের বন্যা বইয়েছে, সে-ই আজ হলে ‘সাদা সাদা কালা কালা’ গানে সকলের সঙ্গে গলা মেলাচ্ছে। এই ধরনের আবেগ কোনো ফর্মুলা মানে না, বাজারের তোয়াক্কা করে না, ইউটিউব রিভিউয়ারের ভুলভাল অ্যানালিসিসের ধার ধারে না। কথা একটাই- জিনিস ভালো হলে, অভিনেতা প্রিয় হলে, ওসব ন্যাকা ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান’ মার্কা কথা মানুষকে বলতে হয় না! তারা এমনিই ছুটে যায়।”
তিনি লেখেন, “গতকালের এমন চিত্র কলকাতার কোনো ফিল্ম ফেস্টিভ্যালে কখনও হয়েছে বলে তো শুনিনি। সিনেমাপ্রেমীদের চাহিদায় আগামীকাল আরেকটি শো বাড়ানো হয়েছে সকাল ১০টায়। খুব দরকার ছিল। গতকাল বাড়ি ফিরছি যখন, দ্বিতীয় শো-টি শুরু হয়ে গিয়েছে। হলের বাইরে তখনও লাইনে কম করে পাঁচশো জন জিজ্ঞাসু মুখে দাঁড়িয়ে। সিকিউরিটি তাদের বোঝাতে শুরু করেছে পরের শোতে ট্রাই করতে। আমি সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম দেখে আমায় একজন পুলিশ বললেন ‘আর দাঁড়াবেন না দাদা, আজ আর হবে না।’
সৌম্যজিৎ লেখেন, “ছবিটা বাণিজ্যিকভাবে ভারতে রিলিজ করলে পশ্চিমবঙ্গ থেকে রেকর্ড বক্স অফিস কালেকশন করত। সিম্পল একটা স্টোরিকে কীভাবে উপাদেয় আহার বানিয়ে পরিবেশন করতে হয় সেটা বাংলাদেশি পরিচালকরা হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন।…।হাওয়া বইতে থাকুক!”
ফেইসবুকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, হাওয়ার প্রদর্শনী শেষে চঞ্চল চৌধুরী দর্শকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিয় করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের আরেক জনপ্রিয় মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সোমবার সকাল ১০টায় নন্দন-১ ও সন্ধ্যায় ৬টায় নন্দন-২ এবং বুধবার একই জায়গায় একই সময়ে দেখানো হবে হাওয়া।
