১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাবিতে ‘নবীন বরণ’ নাট্যোৎসব, থাকছে তিন নাটক

“আমরা আশা করি, বিনামূল্যে নাটক প্রদর্শনীর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের মাঝে এক নতুন বোধনের সঞ্চার ঘটাতে পারব,” বলেন প্রিয়াংকা কর্মকার।

জাবিতে ‘নবীন বরণ’ নাট্যোৎসব, থাকছে তিন নাটক
জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি) প্রযোজিত নাটক ‘হায়েনার খাঁচায় বদ্ধ জীবন’। বুধবার মঞ্চস্থ হবে নাটকটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 09:58 AM

Updated : 26 Aug 2026, 05:11 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘জাগরণী’ শিরোনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের ‘নবীন বরণ’ নাট্যোৎসব।

‘যুগসন্ধির মঞ্চে আসুক নব সারথি’ এ প্রতিপাদ্যে মঙ্গলবার থেকে জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি) এ নাট্যোৎসব আয়োজন করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাহাঙ্গীরনগর থিয়েটারের (টিএসসি) দপ্তর সম্পাদক প্রিয়াংকা কর্মকার বলেন, “জীবন ও রাজনৈতিক বাস্তবতার সন্ধিক্ষণে যে যুগ-বদলের সাক্ষী আমরা হচ্ছি, সেই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে থেকে সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের কর্তব্য নবীন প্রজন্মকে পথপ্রদর্শন করা।

“সেই কর্তব্যের বহিঃপ্রকাশ হলো ‘জাগরণী’। আমরা আশা করি, বিনামূল্যে নাটক প্রদর্শনীর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের মাঝে এক নতুন বোধনের সঞ্চার ঘটাতে পারব।”

হায়েনার খাঁচায় বদ্ধ জীবন নাটকের একটি দৃশ্য।

হায়েনার খাঁচায় বদ্ধ জীবন নাটকের একটি দৃশ্য।

জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক সৈয়দা মেহের আফরোজ শাঁওলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মুহূর্তে সাংস্কৃতিক অঙ্গন যে ধরনের আঘাতের সম্মুখীন হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের দরকার সম্মিলিত প্রতিরোধ।

“আমাদের প্রতিরোধের ভাষা হল নাটক। সে ভাষায় নবীনদের সাথে যোগাযোগ ঘটাতে চাই। চাই নতুন সাংস্কৃতিক প্রতিরোধের যুগ উন্মোচন করতে।”

মঙ্গলবার সন্ধ্যায় থিয়েটার ফ্যাক্টরির প্রযোজনা ‘কমলা রঙের বোধ’ নাটকের মধ্য দিয়ে পর্দা উঠবে উৎসবের। নাটকটির রচয়িতা অলোক বসু, মঞ্চে নির্দেশনাও দিয়েছেন তিনি।

উৎসবের দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি) মঞ্চস্থ করবে ‘হায়েনার খাঁচায় বদ্ধ জীবন’। এ নাটকটির রচয়িতা সৈয়দা মেহের আফরোজ শাঁওলি, মঞ্চে নির্দেশনাও দিয়েছেন তিনি।

শাঁওলি বলেন, “হায়েনার খাঁচায় বদ্ধ জীবন, এক ডিস্টোপিয়ান জগতের গল্প বলে। যেখানে ডাস্টবিনে পড়ে থাকে অর্ধপচা লাশ, পিচের রাস্তা খয়েরি হয়ে থাকে রক্তের দাগে, প্রতিনিয়ত নিখোঁজ হয় মানুষ—মুক্তির খোঁজে।

‘হায়েনার খাঁচায় বদ্ধ জীবন’ মঞ্চস্থ হবে বুধবার।

‘হায়েনার খাঁচায় বদ্ধ জীবন’ মঞ্চস্থ হবে বুধবার।

“এই ডিস্টোপিয়ান নগরীর এক পাগলাগারদে বসে পালানোর ছক কষে ইত্রা হেনেফি, বারবার ব্যর্থ হয়, ভুলে যায় আগের দিনের স্মৃতি। তার স্মৃতির টানেলে আগ্রহের বশে ডুব দেয় নার্স এলেরি। আচমকা প্রকট হয়ে ওঠে ঐতিহাসিক শোধনের ব্যথা। ইত্রা হেনেফির জীবনের যাত্রাপথ ধরে এলেরি ও দর্শক মুক্তি নামের গোলকধাঁধায় ঘুরপাক খায়।”

এ নাটকটির কোরিওগ্রাফি করেছেন আকাশ সরকার। সঙ্গীতে আছেন আপন শর্মা ও আবু নাঈম এবং আলোক পরিকল্পনায় আছেন কৃষ্ণ চন্দ্র বর্মন।

বৃহস্পতিবার উৎসবের পর্দা নামবে প্রাচ্যনাট প্রযোজিত ‘কিনু কাহারের থেটার’ নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে। মনোজ মিত্রের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।