১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পারিবারিক গল্পের সিরিজ ‘আঁতকা’ আসছে

১৫ জানুয়ারি থেকে দেখা যাবে সিরিজটি।

পারিবারিক গল্পের সিরিজ ‘আঁতকা’ আসছে
‘আঁতকা’ সিরিজের পোস্টার। ছবি: চরকির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 11:09 AM

Updated : 26 Aug 2026, 05:31 PM

নবীন–প্রবীণ অভিনয়শিল্পীদের নিয়ে পারিবারিক গল্পের সিরিজ ‘আঁতকা’ আসছে ওটিটির পর্দায়। 

চরকিতে আগামী ১৫ জানুয়ারি থেকে দেখা যাবে সিরিজটি। 

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘আঁতকা’ নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি। গল্পকার ও নির্মাতা হিসাবে ‘আঁতকা’ তাদের প্রথম সিরিজ।      

রাবা ও নিধি বলেন, “‘আঁতকা’ শব্দের অর্থ আচমকা। এটা খুবই লোকাল একটা শব্দ, আমরা প্রায়ই ব্যবহার করি। সিরিজে পারিবারিক প্রেক্ষাপট ঘিরে নানান টু্‌ইস্ট রাখা হয়েছে।"  

২০২৩ সালে ‘আঁতকা’ সিরিজের গল্প মাথায় আসে নিধি এবং রাবার। ভাবতে ভাবতে তারা সিদ্ধান্ত নেন যে পারিবারিক গল্পের পাশাপাশি হরোর কমেডিও রাখা হবে চিত্রনাট্যে।  

গেল বছরের শেষে সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লেখার কাজ তারা শেষ করেছেন বলে জানিয়েছে রাবা।

তিনি বলেন, "আমরা ফ্যামিলি ড্রামা করতে চেয়েছিলাম এবং এটা এখনও সেটাই আছে। তবে এর সঙ্গে টুইস্ট হিসেবে যুক্ত হয়েছে অনেক ডাল–পালা।"

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, মৌসুমি নাগ, আরশ খান , সুনেরাহ বিনতে কামাল, সোহেল মণ্ডল, ফারিহা রহমান, মুকুল সিরাজ, সুমন আনোয়ার , তন্ময় পারভেজ, দুর্জয়, আলিফ খান, ফারদীন খান, ফাহাদ রিয়াজ খান, ডালিয়া, আবু নায়েম। 

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে রোজী সিদ্দিকী বলেন, "অনেকদিন পর আমরা কিছু পুরনো মানুষ একসঙ্গে হতে পেরেছি। এত হাসাহাসি করেছি যে নির্মাতা কখনো বলতে বাধ্য হয়েছেন যে, আপনারা প্লিজ হাসি থামান, আমাকে সিনটা করতে দেন। ছোটদের সঙ্গেই মজা করেছি। ওরা (ছোটরা) বুঝতে পেরেছে, বড়রা কী পরিমাণ ফানি হতে পারে।" 

নির্মাতা আরাফাত মহসীন নিধি বলেন, “আমার ইচ্ছা ছিল মাল্টি কাস্টিং নিয়ে কাজ করার। আমি আমার ছোটবেলায় যাদের দেখেছি, তাদের কেন সিনেমা বা ওটিটিতে পাচ্ছি না, সেটা আমরা একটা চিন্তা ছিল। তাই যখন ফ্যামিলি গল্প নিয়ে কাজ শুরু করলাম, আমরা চেয়েছিলাম এরকম একটা কাস্ট নিয়ে কাজ করার। যাদের চেয়েছি, তাদেরকে পেয়েছি বলতে পারেন এবং মজার বিষয় হল তাদের সঙ্গে আমার আগের কোনো যোগাযোগ ছিল না। আমি লাকি যে সবাই আমার কাজে ‘হ্যাঁ’ বলেছেন।”  

সিরিজটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “নতুন বছরে চরকির প্রথম কনটেন্টে সবাই যেন পারিবারিক একটা গল্প পায়, একটু মজা পায়, ভৌতিক গল্পেরও রেশ থাকে, সেই ভাবনা থেকে ‘আঁতকা’ তৈরি হয়েছে।”

রনি আশা করছেন দর্শকরা ‘আঁতকা’ সিরিজটি পছন্দ করবেন।