Published : 07 Nov 2025, 04:22 PM
বলিউডি তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে এসেছে পুত্রসন্তান। শুক্রবার এই দম্পতি তাদের প্রথম সন্তানের জন্মের খবর দিয়েছেন।
ইনস্টাগ্রামে এক যৌথ বার্তায় তারা লিখেছেন, “আমাদের আনন্দের পুঁটুলি এসে গেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতা নিয়ে আমরা আমাদের ছেলেকে স্বাগত জানাচ্ছি।”
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ক্যাট-ভিকির এই খুশির খবরে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকা। প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, “খুবই খুশি! অভিনন্দন।”
করিনা কাপুর লিখেছেন, “ক্যাট, বয় মামা ক্লাবে স্বাগতম! তোমার ও ভিকির জন্য আমি ভীষণ খুশি।”
দিয়া মির্জা লিখেছেন, “তোমাদের জন্য খুব খুশি। জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে স্বাগতম।”
সোনম কাপুর, নেহা ধূপিয়া, মণীশ মালহোত্রা, অর্জুন কাপুর, গুনিত মঙ্গা, মণীশ পালসহ অনেকে অভিনন্দন জানিয়েছেন নতুন মা-বাবাকে।
গত ২৩ সেপ্টেম্বর ক্যাটরিনা ও ভিকি সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জানিয়েছিলেন, তারা মা–বাবা হতে চলেছেন।
সেসময় তারা বলেছিল, “জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা।”
৪২ বছর বয়সে মাতৃত্ব গ্রহণ করে আলোচনায় আসেন ক্যাটরিনা, প্রমাণ করেন যে মাতৃত্বের ক্ষেত্রে বয়স কেবলই একটি সংখ্যা।

চার বছরের বিবাহিত জীবনে ক্যাটরিনার মা হওয়ার ‘গুজব’ বেরিয়েছে বহুবার। কিছুদিন আগে তার বেবি বাম্পসহ ছবি ভাইরাল হলে সেই জল্পনা আরও বেড়ে যায়। সে সময় বলা হয়েছিল, অক্টোবর বা নভেম্বরে তার সন্তান পৃথিবীতে আসতে পারে।
২০১৯ সালে ‘ফিল্মফেয়ার’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন, তিনি চান তার সন্তানরা যেন বাবা-মা দুজনের সঙ্গেই বড় হয়। নিজের জীবনের শূন্যতার কথাও তুলে ধরেছিলেন তিনি।
“বাবার উপস্থিতি না থাকলে মেয়েদের জীবনে একধরনের শূন্যতা থেকে যায়, একরকম ভঙ্গুরতা তৈরি হয়। আমার সন্তানদের আমি সেই অভিজ্ঞতা দিতে চাই না। বাবা-মা দুজনের সঙ্গেই তারা বড় হোক। যাদের বাবার নিঃশর্ত ভালোবাসা আছে, তারা সত্যিই ভাগ্যবান”
২০২১ সালে বিয়ে করা ক্যাটরিনা–ভিকি দম্পতি বরাবরই বলিউডের সবচেয়ে প্রিয় জুটিদের একজন। তাদের ঘরে নতুন অতিথির আগমনে ভক্তরাও আনন্দে ভাসছে।