১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

নাবিলা-নিশোর ‘আকা’ আসছে ৪ সেপ্টেম্বর

ভিকি জাহেদের পরিচালনায় ন্যায়-অন্যায়, প্রতিশোধ, রহস্য-রোমাঞ্চের আবহে তৈরি হয়েছে ‘আকা’।

নাবিলা-নিশোর ‘আকা’ আসছে ৪ সেপ্টেম্বর
‘আকা’ সিরিজের পোস্টার। ছবি: হইচইয়ের ফেইসবুক পেইজ থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 07:55 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

‘আকা’ নামের যে সিরিজ দিয়ে তিন বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেতা আফরান নিশো, সেই সিরিজটি মুক্তি পাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর। 

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ফেইসবুক পেইজে এক নাটকীয় ভিডিওর মধ্য দিয়ে আকা মুক্তির ঘোষণা দেন নির্মাতা ভিকি জাহেদ।  

ভিডিওতে দেখা গেছে, আকার মুক্তির ঘোষণা দিচ্ছে না বলে হাতুড়ি হাতে অভিনেতা নিশো মারতে যাচ্ছেন ভিকিকে। 

সেখানেই ভয় পেয়ে ভিকি বলেন, “আকা আসছে সেপ্টেম্বরের ৪ তারিখ হইচইয়ে, দেখতে ভুল করবেন না।"  

‘আকা’ সিরিজে নিশো জুটি বেঁধেছেন মাসুদা রহমান নাবিলার সাথে।

ভিকি জাহেদের পরিচালনায় ন্যায়-অন্যায়, প্রতিশোধ, রহস্য-রোমাঞ্চের আবহে তৈরি হয়েছে ‘আকা’।

সিরিজটি নিয়ে এর আগে পরিচালক বলেন, "আকা নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশাল থ্রিলার নির্মাণ করলাম। 'আকার' মাধ্যমে দর্শকদের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি। সিরিজটি প্রচারের পর আমার এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব।" 

নিশোকে নিয়ে ভিকির ‘পুনর্জন্ম সিরিজ’ বেশ জনপ্রিয় হয়েছিল। দর্শক এখনো দেখার অপেক্ষায় এই ফ্র্যাঞ্চাইজির স্পিন অব সিরিজ ‘রাফসান হক’। এর মধ্যেই নিশোকে নিয়ে ভিকি নতুন সিরিজের খবর দিলেন।

নিশোকে নিয়ে ভিকি বলেন, "নিশো ভাইয়ের সাথে এর আগে আমি অনেক কাজ করেছি তবে এই প্রথম কোনো সিরিজে আমরা এক সাথে কাজ করছি। উনার সাথে কাজের অভিজ্ঞতা সবসময়ই স্পেশাল। সেই সাথে নাবিলা আপুও খুব কো-অপারেটিং ছিলেন। সব মিলিয়ে আকা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে।"

অভিনেতা আফরান নিশো ও মাসুদা রহমান নাবিলা। ছবি: হইচইয়ের সৌজন্যে।

অভিনেতা আফরান নিশো ও মাসুদা রহমান নাবিলা

সাত পর্বের ‘আকা’ নিয়ে বেশ আশাবাদী বলে জানিয়েছেন নিশো। এছাড়া এই সিরিজ দিয়ে নাবিলার ওটিটি যাত্রা শুরু হতে চলেছে।

নাবিলা বলেন, "আমার জন্য আকা খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। আমি সত্যিই আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ এবং নির্মাণকে আপন করে নেবে।"

‘আকার’ শুটিং হয়েছে ঢাকার মধ্যেই।