১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘তোমাদের বিচ্ছেদ হবেই’, সোনাক্ষী-জহিরকে কেন বলেছিলেন সালমান?

সোনাক্ষী-জহিরের প্রথম পরিচয় সালমানের পার্টিতে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 11:13 AM

Updated : 11 Sep 2026, 03:41 PM

বলিউডের অভিনেতা জহির ইকবাল ও সোনাক্ষী সিনহার সম্পর্কে বিশেষ ভূমিকা ছিল অভিনেতা সালমান খানের। জাহির নিজেই জানিয়েছেন, তিনি ও সোনাক্ষী সম্পর্কে রয়েছেন, তা তারা স্বীকার করার অনেক আগেই বিষয়টি বুঝে গিয়েছিলেন সালমান খান।

আনন্দবাজার জানিয়েছে, কদিন আগে নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদীর চ্যাট শো ‘ডাবল ডেট’-এ অতিথি হয়ে গিয়েছিলেন জহির ও সোনাক্ষী। সেখানেই প্রেমের শুরুর দিনের একটি মজার ঘটনা শোনান তারা। 

এই দুজনের ভাষ্য, সালমানের সূত্রেই প্রথম পরিচয় হয়েছিল তাদের। যদিও সম্পর্কের কথা বার বার অস্বীকার করতেন দুজনেই, তবু সালমান নাকি অনেক আগেই সব বুঝে গিয়েছিলেন।

সেই ঘটনার কথা বলতে গিয়ে জহির বলেন, “আমরা বলার আগেই সালমান খান বুঝে গিয়েছিলেন। উনি সবটাই জেনে গিয়েছিলেন।”

সোনাক্ষী বলেন, “আমাদের মধ্যে যে বিশেষ একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। সালমান তো বোকা নন। উনি সবই দেখেছিলেন। যখনই আমাকে জিজ্ঞেস করতেন, আমরা বলতাম, ‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।’ 

“এক দিন তিনি বললেন, ‘দেখো, এক দিন না এক দিন তোমাদের বিচ্ছেদ হবে। তখন তুমি এসে কাঁদবে, ও এসে কাঁদবে। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। তাই কারও পক্ষ নিতে চাই না’। কথাটা শুনে আমরা দুজনেই অবাক হয়ে গিয়েছিলাম। কারণ, তিনি সব বুঝে ফেলেছিলেন।”

সোনাক্ষী জানিয়েছেন, পরে একটি ট্রেকিংয়ে গিয়েও সালমান নাকি জহিরকে আলাদা করে বলেছিলেন, “সবই কিন্তু বোঝা যাচ্ছে।” 

সালমানের ওই মন্তব্য শুনেই সোনাক্ষী ও জহির বুঝে যান, তাদের সম্পর্ক ভাইজানের চোখ এড়ায়নি। 

সালমান খানের আয়োজিত একটি পার্টিতেই প্রথম দেখা হয়েছিল সোনাক্ষী ও জহিরের। প্রায় সাত বছর তারা সম্পর্কের কথা গোপন রেখেছিলেন। ২০২৪ সালের জুন মাসে বিয়ে করেন সোনাক্ষী ও জহির।