১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘জিততে হলে ভাবতে হবে’, অমিতাভের এই বার্তার অর্থ কী

“উত্তর জানাই আর যথেষ্ট নয়। সেই উত্তর কতটা ব্যবহার করা যৌক্তিক, সেটাই হবে আসল পরীক্ষা।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 08:47 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতির’ নতুন মৌসুম শুরু হতে চলেছে। শোয়ে বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনকে এবার কেবল সঞ্চালক হিসাবেই নয়, নতুন সংযোজনে দেখা যাবে তাকে।

আনন্দাবাজার জানিয়েছে, এবারে নির্মাতারা নিয়ে এসেছেন নতুন ভাবনা। যেখানে তথ্য জানা বা উত্তর মুখস্থ রাখার চেয়ে অনেক বেশি গুরুত্ব পাবে প্রতিযোগীর বিচারবোধ, যুক্তি এবং চিন্তা করার ক্ষমতা।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের প্রচার ঝলক। তাতে অমিতাভ বর্তমান সময়ের বাস্তব চিত্র তুলে ধরেছেন। 

তার কথায়, এখন প্রায় সব প্রশ্নের উত্তর মানুষের হাতের মুঠোয়। মুঠোফোন খুললেই মুহূর্তে মিলছে প্রয়োজনীয় তথ্য। তাই শুধু উত্তর জানাই আর যথেষ্ট নয়। সেই উত্তর কতটা ব্যবহার করা যৌক্তিক, সেটাই হবে আসল পরীক্ষা।

‘বিগ বি’ খ্যাত অমিতাভ বলেন, “শুধু উত্তর মুখস্থ রাখলে চলবে না, উত্তর দেওয়ার আগে ভাবতে হবে।’’

অভিনেতা বলেছেন, ভূগোল, ইতিহাস কিংবা বিজ্ঞান— কেবল এই বিষয়গুলির জ্ঞান থাকলেই সাফল্য মিলবে না। কারণ, এবার খেলার ধরনও বদলে যাচ্ছে। তথ্য জানার পাশাপাশি সেই তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই এ বার প্রতিযোগীদের এগিয়ে রাখবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গও টেনে আনেন অমিতাভ। 

তিনি বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে পৃথিবী প্রতিনিয়ত বদলে যাচ্ছে। যে কাজ এক সময় অসম্ভব বলে মনে হত, তা এখন মুহূর্তের মধ্যে সম্ভব হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মানুষকেও নিজের ভাবনার ধরন বদলাতে হবে। সেই কারণেই ‘কৌন বনেগা ক্রোড়পতির’ নতুন মৌসুমেও আনা হয়েছে এই পরিবর্তন।

এই রিয়েলিটি শো ছাড়াও অমিতাভকে আগামী দিনে দেখা যাবে ‘কল্কি ২৮২৮ এডি’ সিনেমার সিক্যুয়েলে। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন প্রভাস এবং কমল হাসান। সিনেমার প্রথম পর্বে অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন অমিতাভ।