Published : 13 Nov 2025, 11:05 PM
হিন্দি সিনেমার অভিনেত্রী কৃতি শ্যাননের একবার গভীর রাতে ঘুম ভেঙেছিল অভিনেতা হৃতিক রোশনের ফোন পেয়ে, যা ছিল অভিনেত্রীর জীবনের বড় চমকগুলোর একটি।
ইন্ডিয়া টুডে লিখেছে, ওটিটি প্ল্যাটফর্ম প্রাইমের নতুন চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কৃতি শ্যানন। সেখানে অভিনেত্রী জানিয়েছেন তার প্রথম সিনেমা ‘হিরোপন্তি’ মুক্তির পর রাত ২টার সময়ে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছিল হৃতিক।
কৃতি বলেন, “আমার ঘরে একমাত্র যার পোস্টার ছিল, তিনি হৃতিক রোশন। ‘হিরোপন্তি’ সিনেমা মুক্তির পর টাইগার শ্রফ নাকি উনার জন্য আলাদা একটা বিশেষ প্রদর্শনী রেখেছিল, আমি সেটা জানতামই না। আমি তখন ঘুমিয়ে ছিলাম, রাত ২টার দিকে ফোন বেজে উঠল, অচেনা একটা নাম্বার। আমি ধরতে পারিনি, পরে ট্রু কলারে দেখলাম লেখা ‘হৃতিক’। বিশ্বাসই হচ্ছিল না উনি আমাকে ফোন করেছেন। এরপর সকাল পর্যন্ত অপেক্ষা করে আমি উনাকে ফোন ব্যাক করি।”
হৃতিক রোশনের বড় ভক্ত ছিলেন কৃতি। ছোটবেলার এক স্মৃতি তুলে ধরে কৃতি আরও বলেন, “আমি তখনও, এখনও, হৃতিক রোশনের খুব বড় ভক্ত। যখন ‘কহো না প্যায়ার হ্যায়’ মুক্তি পেয়েছিল, তখন দেশের সব শিশুরাই উনার জন্য পাগল ছিল। একসময় জানতে পারি, আমার বাবা নাকি হৃতিকের সঙ্গে কাজ করছেন। কিন্তু আমি কখনও বাবাকে বলিনি, ‘আমাকে ওনার সঙ্গে দেখা করাও’। আর তখন তো জানতামই না, সিনেমার সেট কেমন হয়।”
কাজল ও টুইঙ্কলের এই অনুষ্ঠানে কৃতির সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা ভিকি কৌশলও। হৃতিকের ভক্ত ভিকিও।
ভিকি বলেন, ‘কহো না প্যায়ার হ্যায়’ মুক্তির পর তার বাবা তাকে মজা করে বলেছিলেন, “হৃতিক কেবল সেই বাচ্চাদের সঙ্গেই দেখা করে, যারা ‘এক পাল কা জিনা’ গানের নাচটা পারে।”
ভিকি তখন তিন দিন ধরে সেই নাচ অনুশীলন করে হৃতিকের সঙ্গে দেখা করেন, আর তাদের প্রথম একসঙ্গে ছবি তোলা হয়।
কৃতি শ্যাননের আগামী সিনেমা ‘তেরে ইশক মে’ মুক্তি পাচ্ছে আগামী ২৮ নভেম্বর। যেখানে তাকে দক্ষিণী অভিনেতা ধানুশের সঙ্গে দেখা যাবে।
এছাড়া শাহিদ কাপুর ও রাশমিকা মানদানার সঙ্গে তার আরেকটি সিনেমা ‘ককটেল ২’ রয়েছে মুক্তির অপেক্ষায়।