২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ঈদে বিটিভিতে গাইবেন ফাহমিদা ও কৃষ্ণকলি

ঈদের দ্বিতীয় দিন থাকছে কৃষ্ণকলির অনুষ্ঠান; আর ফাহমিদা গাইবেন ঈদের তৃতীয় দিন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:18 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

বিটিভির ঈদ আয়োজনে গানের একক অনুষ্ঠান নিয়ে আসছেন দুই সংগীত শিল্পী ফাহমিদা নবী ও কাজী কৃষ্ণকলি ইসলাম, যিনি কৃষ্ণকলি নামে বেশি পরিচিত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিভিশন জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন থাকছে কৃষ্ণকলির অনুষ্ঠান; আর ফাহমিদা গাইবেন ঈদের তৃতীয় দিন। 

ঈদের দ্বিতীয় দিন সকাল ১১টা ১০ মিনিটে প্রচার হবে কৃষ্ণকলির ‘বন্ধু আমার বন্ধু তুমি’ শিরোনামের অনুষ্ঠানটি।  

সেখানে কৃষ্ণকলি গাইবেন ‘বন্ধু আমার’, ‘কালো জলে কুজলা তলে’, ‘সব ছাড়ে মন’, ‘যাও পাখি’, ‘আগে যদি জানতাম’, ‘ভাবনার গভীরে’ ও ‘চাঁদ উঠেছে’সহ মোট সাতটি গান। 

অনুষ্ঠান প্রযোজনা করেছেন ইয়াসমিন আক্তার এবং উপস্থাপনা করেছেন প্রাপ্তি চক্রবর্তী। 

ঈদের তৃতীয় দিন বিকাল ৪টায় থাকছে ফাহমিদা নবীর একক পরিবেশনা। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘লুকোচুরি গল্প’। 

‘কে তুমি’, ‘তুমি কখন এসে’, ‘সবটুকু নিয়ে যেওনা’, ‘লুকোচুরি গল্প’সহ মোট নয়টি গান গাইবেন ফাহমিদা নবী। 

এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস বাপ্পি; আর প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগি পন্নী। 

গানের অন্যান্য অনুষ্ঠান

ঈদের দিন বিটিভিতে প্রচার হবে লোকসংগীতের অনুষ্ঠান ‘লোক আনন্দ’। নাসির উদ্দিনের প্রযোজনায় এ অনুষ্ঠানে গান গাইবেন ফকির শাহাবুদ্দিন, শাহনাজ বেলি, বিউটি, লিজা, অনন্যা, রাব্বি, সাগর বাউলসহ অনেকে। 

ঈদের দ্বিতীয় দিন বিকাল ৪টা ১০ মিনিটে থাকছে ‘হংস মিথুন’ শিরোনামের গানের অনুষ্ঠান। এখানে গাইবেন অপু, লুইপা, রাজিব, পুলক, মেজবাহ বাপ্পী, অনন্যা, প্রিয়াংকা, স্বর্ণা। 

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ ও আল মামুন। 

ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ২০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘মনের আলো’ এবং দুপুর আড়াইটায় থাকছে ‘কাঁচা সোনা’। দেশের জনপ্রিয় শিল্পীরা এখানে একক, দ্বৈত ও কোরাসগান পরিবেশন করবেন। 

দুটি অনুষ্ঠানই প্রযোজনা করেছেন আবু তৌহিদ ও জামাল উদ্দিন। 

এছাড়াও সরাসরি (লাইভ) প্রচারিত সংগীতানুষ্ঠান যেগুলো হবে, সেখানে জুটি বেঁধে গাইবেন অণিমা মুক্তি গোমেজ-আবুবকর সিদ্দিকী, পিন্টু ঘোষ-আতিয়া আনিসা, সন্দীপন দাশ-নিশিতা বড়ুয়া ও পুলক অধিকারী।