Published : 02 Jul 2026, 04:58 PM
অভিনেতা-গায়ক ফজলুর রহমানের কণ্ঠে পল্লিকবি জসীমউদ্দীনের লেখা ‘আমায় ভাসাইলি রে’ গানটি যুক্ত করা হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা ‘মাস্তুল’ সিনেমার প্রচারে।
সিনেমাকার ইউটিউব চ্যানেলে মঙ্গলবার থেকে শোনা যাচ্ছে গানটি। এর সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব।
মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জুলাই। সিনেমার প্রচারে ‘আমায় ভাসাইলি রে’ গানটি ব্যবহার করা হচ্ছে।

ফজলুর রহমান বলেন, “আমি মোটেও গায়ক না। থিয়েটারে অভিনয়ের জন্য কণ্ঠ প্রস্তুত করতে গিয়ে আমার গান গাওয়ার শুরু। গিয়াস উদ্দিন সেলিমের 'মনপুরা' সিনেমায় গান গাওয়ার পর মানুষের ভালোবাসা পেয়ে আমার বিশ্বাস বেড়ে গেছে।
“মাস্তুলের এই প্রচারের গানটা আমার নিজের বাড়ি ফরিদপুরের পল্লীকবি জসীমউদ্দীনের কালজয়ী রচনা। সেই সঙ্গে এই চলচ্চিত্রের আবহের সঙ্গেও গানটা খুবই মানানসই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, ভালো-মন্দ শ্রোতারা বিচার করবে।”
নির্মাতার মতে, এটি কেবল একটি প্রচারের গান নয় বরং সিনেমাটির আবহ, চরিত্রদের অন্তর্জগৎ এবং নদীকেন্দ্রিক জীবনের অনুভূতিকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার একটি শিল্পভাষা।
নূরুজ্জামান বলেন, "‘মাস্তুল’ এর প্রচারের প্রতিটি উপাদানেই সিনেমার আত্মাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। পোস্টারের পর গান প্রকাশের লক্ষ্যও ছিল দর্শককে সিনেমার আবহের আরও কাছাকাছি নিয়ে আসা।"
‘মাস্তুল’ এর গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানীবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের ভেতর দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরের প্রান্তিক মানুষের জীবন, একাকীত্ব, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব ও টিকে থাকার গল্প।
সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যাসহ অনেকে।

মাস্তুল এর সিনেমাটোগ্রাফি করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, শিল্প নির্দেশনায় ছিলেন হুসনাইন লিঙ্কন, সংগীতে চৈতন্য রাজবংশী, কাস্টিং ডিরেক্টর যুবরাজ শামীম এবং প্রচারের গানের সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সিনেমাকার এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারে যুক্ত রয়েছে টঙঘর টকিজ।
গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়। সেখানে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ পায় ‘মাস্তুল’।
এরপর একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।