Published : 16 Jan 2026, 11:21 AM
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল কালচার ও ছাত্র রাজনীতির বাস্তব চিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা 'দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল'।
সিনেমাটির প্রিমিয়ার হতে চলেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। শুক্রবার জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় দেখা যাবে সিনেমাটি।
আকাশ হক পরিচালিত ‘দা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমায় অভিনয় করেছেন একগুচ্ছ নতুন মুখ। তারা হলেন-ববি বিশ্বাস, দেবদ্যুতি আইচ, রকি খান, চয়ন মণ্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।
বিজ্ঞপ্তিতে সিনেমাটি নিয়ে আকাশ বলেন, "১৪২ মিনিট দৈর্ঘ্যের এটি রাজনৈতিক স্যাটায়ার সিনেমা। এতে সমাজে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক দিককে তুলে ধরার একটা প্রয়াস আমাদের ছিল। সব মিলিয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ শুধু একটি সিনেমা নয়, বরং পরিচিত বাস্তবতাকে নতুন চোখে দেখার এক চেষ্টা। হাসি, ব্যঙ্গ আর বাস্তবতার মিশেলে সিনেমাটি এবারের উৎসবে দর্শকদের আলাদা করে ভাবাতে পারে।'
সিনেমাটির সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারহানা ফারহা বলেন, “‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’ একটি রাজনৈতিক স্যাটায়ার চলচ্চিত্র, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক রাজনীতির সংস্কৃতিকে স্যাটায়ারের মাধ্যমে তুলে ধরেছে।"
ইতিমধ্যেই চলচ্চিত্রটির থিম সং ‘সহমত ভাই’ গানটি সিনেমার ফেইসবুক পেইজ ও প্রযোজনা সংস্থা ‘দা বি টিম' এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। র্যাপ স্টাইলে তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছেন তাবিব মাহমুদ। গানটি প্রকাশ হওয়ার পরপরই দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।