Published : 29 Apr 2026, 11:09 PM
অসাধারণ কিছু সুর, গান আর মনোমুগ্ধকর চিত্রায়ন- এসব নিয়ে নব্বই দশকের দর্শকের মনে ছাপ ফেলেছিল হিন্দি মিউজিক্যাল ড্রামা ‘তাল’।
১৯৯৯ সালের সেই সিনেমার সিক্যুয়েল আসছে। প্রায় শেষ হওয়ার পথে ‘তাল ২’ এর চিত্রনাট্য তৈরির কাজ।
বর্ষীয়ান নির্মাতা সুভাষ ঘাই এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ফিল্মফেয়ার।
সিক্যুয়েলের কাজ দ্রুত এগিয়ে চলেছে জানিয়ে সুভাষ ঘাই বলেন, “চিত্রনাট্য তৈরির কাজ প্রায় শেষের দিকে।”
প্রযোজনার বিষয়টি চূড়ান্ত হওয়ার আগে সিনেমাটি যে গুরুত্বপূর্ণ একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে, নির্মাতার এই কথা সেই ইঙ্গিতই দিচ্ছে।
ঐশ্বরিয়া রাই বচ্চন, অক্ষয় খান্না এবং অনিল কাপুর অভিনীত 'তাল' হিন্দি সিনেমার অন্যতম দর্শকপ্রিয় মিউজিক্যাল ড্রামা হিসেবে আজও পরিচিত। এর গান, বিশাল পরিসর এবং আবেগঘন গল্পের জন্য পরিচিত সিনেমাটি আজও এখনো দর্শকের মনে ছাপ ফেলে।
প্রথম সিনেমাটির অভিনেতা-অভিনেত্রীরা যে সিকুয়েছে থাকছে না সেটিও অনেকটা পরিষ্কার সুভাষ ঘাইয়ের কথা। গল্পের প্রয়োজনীয়তা বুঝেই ‘তাল ২’ এ অভিনেতা-অভিনেত্রী ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।
“তারা (‘তাল’ এর অভিনেতা-অভিনেত্রী) সফল হলেও গল্পের প্রয়োজনে নতুন মুখের দরকার হলে তাদের ফেরানো যাবে না,” বলেন এই নির্মাতা।
তার এই কথার অর্থ, সিক্যুয়েলটি মৌলিকত্বকে বেশি প্রাধান্য দেবে।
চিত্রনাট্য তৈরির কাজ প্রায় শেষের দিকে চলে আসায় ধরেই নেওয়া এখন অভিনেতা-অভিনেত্রী আর নির্মাণের সময় ঠিক করার দিকে নজর দিতে হবে।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু সুভাষ ঘাইয়ের দেওয়া কথার পর ‘তাল টু’ নিয়ে কৌতুহলের পারদ চড়তে শুরু করেছে।
‘তাল ২’ নতুন প্রজন্মের সামনে কীভাবে উপস্থাপিত হবে, বিশেষ করে গান, গল্পের ব্যাপ্তি এবং পুরনো স্মৃতি ও সমসাময়িক আবেদনের মধ্যে কীভাবে ভারসাম্য রক্ষা করা হবে, সেটিই হয়ে উঠতে শুরু করেছে আলোচনার বিষয়।
বলিউডে যখন আইকনিক সিনেমার নামগুলো ফিরিয়ে আনার একটা ধারা শুরু হয়েছে, সেখানে ‘তাল ২’ পুরনো স্মৃতি ফেরানো ও নতুনত্বের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।