১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাইতে গাইতে মঞ্চে পড়ে গেলেন শাকিরা

বড়সর কোনো দুর্ঘটনা ঘটেনি, ফের উঠে দাঁড়িয়ে ফের গাইতে শুরু করেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 06:13 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

গান গাইতে গাইতে ভারসাম্য হারিয়ে পড়ে মঞ্চে গেছেন কলাম্বিয়ার গায়িকা শাকিরা। তবে বড়সর কোনো দুর্ঘটনা ঘটেনি। ফের উঠে দাঁড়িয়ে ফের গাইতে শুরু করেন তিনি।

পিপলডটকম লিখেছে, কানাডার কুইবেকের মন্ট্রিয়লের বেল সেন্টারে কলম্বিয়ার এই তারকার কনসার্টে সোমবার এ দুর্ঘটনা ঘটে। 

তখন শাকিরা তার বিখ্যাত গান ‘হোয়েনএভার, হয়ারএভার’ গাইছিলেন। তখন গায়িকার সঙ্গে গলা মেলাচ্ছিলেন মঞ্চের সামনে হাজারো দর্শক। তার মধ্যে ঘটে এ বিপত্তি। 

শাকিরার পড়ে যাওয়ার ওই ভিডিও ছড়িয়েছে ইন্টারনেটে। তাতে দেখা গেছে গানটি শুরু করে তার চিরাচরিত ভঙ্গিমায় দুলছিলেন শাকিরা। গানের প্রথম স্তবক শেষ হতে না হতেই ভারসাম্য হারিয়ে মঞ্চে পড়ে যান ৪৮ বছর বয়সী এই গায়িকা। 

তেমন করে কিছু বুঝে ওঠার আগেই উঠে দাঁড়িয়ে গান চালিয়ে যান তিনি।

শাকিরা তার নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে ওই মুহূর্তের একটি ঝলক পোস্ট করেন।

ভিডিও দেখে ভক্তরা শাকিরার দৃঢ়তায় প্রশংসা করেছেন।

একজন লিখেছেন, "তিনি আসলে একজন 'বস'। পরিস্থিতি কীভাবে সামলে নিলেন।"

'শাকিরা এক দারুণ উদাহরণ' বর্ণনা করে আরেকজন লিখেছেন, "আশা রাখি তিনি আঘাত পাননি। সাধারণ এখাবে পড়ে যাওয়ার পরদিন ব্যথা শুরু হয়।"

গেল ফ্রেব্রুয়ারিতে শাকিরা আলোচনায় এসেছিলেন তার শারীরিক সমস্যার কারণে। ওই সময় তার পেটের ব্যথ্যা এতটাই অসহ্যকর পর্যায়ে পৌঁছেছিল যে তাকে হাসপাতালে থাকতে হয়েছিল কিছুদিন। আর সে কারণে পেরুতে গত ১৬ ফেব্রুয়ারির কনসার্ট বাতিল করতে হয়েছিল।

শাকিরা তার এই নতুন কনসার্ট ট্যুরটি শুরু করেন চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে। 

এখন পর্যন্ত এই সফরে তিনি বোস্টন, টরন্টো, মায়ামি, ডেট্রয়েট, হিউস্টন, সান দিয়েগোর মত গুরুত্বপূর্ণ শহরে পারফর্ম করেছেন। সফরের উত্তর আমেরিকা পর্ব শেষ হবে আগামী ৩০ জুন, সান ফ্রান্সিসকো দিয়ে।

চলতি বছরের শুরুতে সংগীতের অস্কার খ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়ে সেটি যুক্তরাষ্ট্রের অভিবাসীদের উৎসর্গ করেছেন শাকিরা।

‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ অ্যালবামের জন্য চুতর্থবার গ্র্যামি জেতেন তিনি।

২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ‘থিম সং’ গেয়েছিলেন শাকিরা, যা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। বলতে গেলে পুরো বিশ্ব শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের তালে নেচে উঠেছিল।