‘কুলি’: আমিরের ফার্স্ট লুকেই ধন্য ধন্য
১৪ অগাস্টে তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ‘কুলি’।
‘কুলি’ নামের একটি সিনেমায় তিন দশক পর একসঙ্গে পর্দায় আসছেন দক্ষিণের মহাতারকা রজনীকান্ত এবং বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান।
সেই সিনেমায় আমির কেমন চরিত্রে আসছেন, তার আভাস মিলেছে তার ফার্স্ট লুক প্রকাশের পর।
এনডিটিভি লিখেছে, ‘রুক্ষ চরিত্রে’ আমির আসছেন থালাইভার সিনেমায়।‘কুলি’তে আমির অভিনয় করেছেন একটি বিশেষ চরিত্রে।
সাদা কালো ছবিতে ফুটে উঠেছে আমিরের এক আলাদা অভিব্যক্তি। চোখে সানগ্লাস, ঠোঁটে চুরুট নিয়ে ধূমপান করছেন ।সিনেমার প্রযোজনা সংস্থার অফিশিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে এই লুক।
আমিরের এই ছবি প্রকাশ্যে আসার পর তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
শোনা যাচ্ছে ৩৭৫ কোটি বাজেটের এই সিনেমা নাকি হতে চলেছে এই বছরে ভারতীয় চলচ্চিত্র জগতের সব থেকে বড় বাজেটের কাজ। পরিচালক লোকেশ কানাগরাজের পরিচালনায় ‘কুলি’ সিনেমায় রজনীকান্ত, আমির খান ছাড়াও অভিনয় করছেন নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসানসহ আরো কয়েকজন।
আগামী ১৪ অগাস্টে তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ‘কুলি’।
এর আগে রজনীকান্ত ও আমিরকে একবারই একসঙ্গে পেয়েছিল দর্শক। ১৯৯৫ সালে ‘আতঙ্ক হি আতঙ্ক’ সিনেমায় অভিনয় করেছিলেন তারা।
৭৩ পার করা রজনীকান্ত এর আগে বলেছিলেন, চলতি বছর ১৭১তম সিনেমা করে ক্যারিয়ারে ইতি টানবেন তিনি। ‘কুলি’ সেই শেষ সিনেমা কি না তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে।
গত বছর রজনীকান্তের ‘জেলার’ সিনেমাটি ৬০০ কোটি রুপির বেশি ব্যবসা করে। আর এ সিনেমা থেকে তিনি পারশ্রমিক নিয়েছে শত কোটি রুপি।
এর মধ্যে মুক্তি পাওয়া আমিরের ‘সিতারে জামিন পার’ সিনেমাটিও প্রেক্ষাগৃহে ভালো চলছে। সিনেমা বিশ্লেষকরা বলছেন, এই সিনেমা দিয়ে ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা হয়ত আমির কাটিয়ে উঠবেন।
