‘জ্বীনের বাচ্চা’: ইমরান এবার ক্যামেরার পেছনে
বৃহস্পতিবার রাত ১২টা থেকে দেখা যাবে ওয়েব ফিল্ম ‘জ্বীনের বাচ্চা’।
এবার ওয়েব ফিল্ম ‘জ্বীনের বাচ্চা’ পরিচালনা করে নতুন পরিচয়ে আসছেন মোস্তাফিজুর নূর ইমরান।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিনেমাটি। বিজ্ঞপিতে চরকি জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে দেখা যাবে এই অভিনেতার ওয়েব ফিল্ম।
অভিনয় থেকে নির্মাণ-এই পরিবর্তনের পেছনে প্রেরণার কারণ জানিয়ে ইমরান বলেন, "কিছু গল্প আছে যেগুলো নিজের মত করে বলতে চাই। সেই চাওয়াটাই আমাকে ক্যামেরার পেছনে নিয়ে দাঁড় করিয়েছে।"
প্রথম কাজের জন্য নানা গল্প নিয়ে ভেবেছিলেন তিনি। শেষ পর্যন্ত ‘জ্বীনের বাচ্চা’র কাহিনীটা অভিনেতাকে নাড়া দেয়। ‘গল্পটির ভেতরে একধরনের নিঃশব্দ ব্যথা আছে বলে জানিয়েছেন তিনি।
'জ্বীনের বাচ্চা' সিনেমাটি মাতৃত্বের গল্পের সিনেমা। সমাজের চাপ, কুসংস্কার, অবহেলা আর নিঃসঙ্গতার ভেতর দিয়ে এক নারীর মানসিক যাত্রা তুলে ধরা হয়েছে।
ইমরান বলেন, "মাতৃত্বের অনুভূতি সর্বজনীন। এই জগৎ বা অন্য কোনো জগৎ সব জগতেই মায়ের অনুভব এক। সেই অনুভূতির সঙ্গে সামাজিক অপমান আর নিঃসঙ্গতার সংঘাত দেখাতে চেয়েছি। গ্রামবাংলার পটভূমিতে নির্মিত হলেও এটি কেবল গ্রামীণ জীবনচিত্র নয়। বাস্তব ও অবাস্তবের সীমারেখা ইচ্ছাকৃতভাবে ঝাপসা করে দেওয়া হয়েছে। দর্শক নিজেই ব্যাখ্যা খুঁজে নেবেন।"
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এখানে তিনি বাকপ্রতিবন্ধী ও নিঃসন্তান এক নারী। সন্তানহীনতার সামাজিক চাপ, স্বামী ও শ্বশুরবাড়ির অবহেলা, প্রতিবেশীদের কটূক্তি সব মিলিয়ে চরিত্রটি হয়ে ওঠে নিঃশব্দ যন্ত্রণার প্রতীক।
মৌসুমী বলেন, "চরিত্রটিতে আনন্দের চেয়ে বেদনা বেশি। কথা বলতে না পারার অসহায়তা আর নিঃসন্তান হওয়ার চাপ তাকে ভেতর থেকে ভেঙে দেয়। তবে যখন সে নিজেকে কোনো এক শিশুর মা হিসেবে অনুভব করে, তখন তার মধ্যে জন্ম নেয় অন্য এক শক্তি।"
চরিত্রটির জন্য প্রস্তুতির অংশ হিসেবে টানা তিন দিন মৌসুমী হামিদকে সেটে কথা বলতে দেওয়া হয়নি। তার ভাষায়, ‘শুধু চোখ আর শরীরী ভাষায় অনুভূতি প্রকাশ করা কঠিন। সেই নীরবতার অভিজ্ঞতাই চরিত্রকে সত্য করেছে।"
মৌসুমী হামিদ ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সরকার রওনক রিপন, অদ্রিজিৎ মন্ডল, আনোয়ারুল হক ও রিবন খন্দকার।
'জ্বীনের বাচ্চার' গল্প লিখেছেন স্বাক্ষর কুন্ডু। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রাজীব হোসেন।
‘মহানগর’ সিরিজে পুলিশ কর্মকর্তা ‘মলয়’ চরিত্রে অভিনয় করে প্রথম ওটিটি দুনিয়ায় আলোচনায় আসেন মোস্তাফিজুর নূর ইমরান।
এরপর হইচইয়ের ‘রঙিলা কিতাব’, চরকির 'ফেউ', ‘গুলমোহর’ অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেন তিনি।
