০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

আফসানা মিমির নির্মাণে ওয়েব ফিল্ম ‘অফ দ্য মার্ক’

পারিপার্শ্বিক বাধা অতিক্রম করে ছোট শহরের একজন কিশোরের ক্রিকেটার হওয়ার গল্পে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন আফসানা মিমি।

আফসানা মিমির নির্মাণে ওয়েব ফিল্ম ‘অফ দ্য মার্ক’
আফসানা মিমি

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 11:36 AM

Updated : 26 Aug 2026, 09:40 AM

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির নির্মাণে প্রথম ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে।

ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে বৃহস্পতিবার থেকেই দর্শক দেখতে পাবেন ওয়েব সিনেমা ‘অফ দ্য মার্ক’।

পারিপার্শ্বিক বাধা অতিক্রম করে ছোট শহরের এক কিশোরের ক্রিকেটার হওয়ার গল্পে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন আফসানা মিমি। 

তিনি বলেন, “১৪ বছরের এক কিশোরের স্বপ্নপূরণের গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। সেই স্বপ্নের পেছনে তার মায়ের ত্যাগ ও সংগ্রাম কতখানি, সেটাও দেখানো হয়েছে। খুব সাধারণ একটা গল্প। তাই নির্মাণেও সেই সাধারণ বিষয়টি রাখার চেষ্টা করেছি।”

সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে বাগেরহাটে। সেখানে গিয়েই দীপু চরিত্রে চূড়ান্ত করা হয়েছে আরহামকে। ওটিটিতে এ অভিনেতার এটাই প্রথম কাজ। আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমি, আরিবা, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম ।

বিনোদনজগতে মিমির পথচলা তিন দশকের বেশি সময়। অভিনয়ে তার অভিষেক হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। ১৯৮৬ সালে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর হয়ে প্রথম মঞ্চে ওঠেন তিনি। পরে প্রয়াত নাট্য নির্দেশক আবদুল্লাহ আল-মামুনের ‘জিরো পয়েন্ট’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিনয় শুরু করেন।

নব্বইয়ের দশকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে অভিনয় করে আলোচনায় আসেন মিমি। ১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার।

অভিনয়ের পাশাপাশি ‘ডলস হাউজ’সহ বেশ কয়েকটি নাটক পরিচালনাও করেছেন আফসানা মিমি।