Published : 06 Sep 2025, 07:19 PM
ভারতের পশ্চিমবঙ্গের প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে একাধিক সিনেমা বানিয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। দেশের গণ্ডি ছাড়িয়ে বাইরের দর্শকদের কাছে যেসব কাজ নন্দিত হয়েছে। সেই নির্মাতার আক্ষেপ, উত্তম কুমারকে নিয়ে কাজ করার কোনো সুযোগ তার ভাগ্যে জোটেনি।
যদি সুযোগ হত তাহলে শিবপ্রসাদ মহানায়ককে নিয়ে ‘প্রাক্তন’ সিনেমার সিকুয়েল বানাতেন; এছাড়া উত্তম-সাবিত্রী জুটি নিয়েও কাজ করতেন বলে জানিয়েছেন শিবপ্রসাদ।
‘‘সংবাদ প্রতিদিনকে’ শিবপ্রসাদ বলেন, “আজও তিনিই সেরা। পরিচালক-প্রযোজক হিসেবে যদি কোনো দিন তার সান্নিধ্য পেতাম কিংবা কাস্ট করার সুযোগ পেতাম, তাহলে উত্তম কুমারকে নিয়ে ‘প্রাক্তন ২’ তৈরি করতাম।
“সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি, কিন্তু উত্তম কুমারের সঙ্গে কাজ না করার আক্ষেপটা আমার সারাজীবন রয়ে যাবে। প্রথমত, মহানায়ক, একজন মহান অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। একজন লেজেন্ডের সঙ্গে কাজ করতে পারিনি। আর দ্বিতীয়ত, কাজ করতে না পারার যে রকম আক্ষেপ রয়েছে, তেমনই এমন একজন মানুষকে কাছ থেকে না দেখতে পাওয়ার আক্ষেপ আরো বেশি। এমন একজন মানুষকে কাছ থেকে প্রত্যক্ষ করতে পারলাম না! আজীবন সেই আক্ষেপ রয়ে যাবে আমার।”

উত্তম থাকলে অভিনেত্রী হিসেবে সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিয়ে একটা সিনেমা বানাতেন বলে মন্তব্য করেছেন শিবপ্রসাদ।
“অথবা উত্তম-অপর্ণা জুটিও হতে পারত সেক্ষেত্রে। তারা একসঙ্গে কাজও করেছেন। তবে উত্তম-সাবিত্রী জুটি হলে মজাটা অন্য ধরণের হত। আর সেইসঙ্গে আজকের প্রেক্ষাপটে ‘ভ্রান্তিবিলাস’ গোছের একটা চিত্রনাট্য পাওয়া গেলে হলফ করে বলতে পারি, দর্শকরা সাংঘাতিক আনন্দ পেতেন। আদতে পর্দায় উত্তম মানেই ‘ম্যাটিনি ম্যাজিক’।”

শিবপ্রসাদের কথায় উত্তম কুমারের সিনেমায় কোনোদিন কোনো ঘনিষ্ঠ দৃশ্যের প্রয়োজন হয়নি। তার আবেদন, তাকানো, হাসি, হাঁটাচলা, ‘ইউ কাট’ হেয়ারস্টাইলের আবেদনের কাছে যে কোনো ঘনিষ্ঠ দৃশ্যই ম্লান হয়ে যায়।
“‘হারানো সুর’ সিনেমার ‘তুমি যে আমার গান’টির দৃশ্যে উত্তম-সুচিত্রা জুটির যে ম্যাজিক, আমার মনে সেটা চিরন্তনভাবে রোম্যান্টিক। যার কাছে হার মানায় সিনে পর্দার সব ঘনিষ্ঠ দৃশ্যও।”