Published : 03 Dec 2025, 09:52 PM
হিন্দি সিনেমার বহুমাত্রিক অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও বর্ষীয়ান অনুপম খেরের এক সময়ে দারুণ বন্ধুত্ব ছিল। তবে পাঁচ বছর আগে তা একসময়ে রূপ নেয় দা-কুমড়া সম্পর্কে। এরপর থেকে তারা একে অপরের সঙ্গে বাক্যালাপ করেননি।
অবশেষে পরস্পরের কাছে ক্ষমা চেয়ে ‘সরি ইয়ার’ বলে সেই বিবাদ মিটিয়ে নিয়েছে ভারতের জনপ্রিয় দুই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম খের জানিয়েছেন, তাদের মধ্যে যে তিক্ততা ছিল, সেটা দূর হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এর মধ্যে পরিচালক এইচ ডি পাঠকের স্মরণসভায় গিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ। সেখানেই ঘটে বিবাদ মেটানোর সেই পর্ব। পুরনো ব্যবহারের জন্য নাসিরুদ্দিন ক্ষমা চাইতে মন নরম হয় অনুপমের। তিনিও ক্ষমা চান সতীর্থের কাছে।
অনুপম বলেন, “আমি নাসিরকে এখনও খুব সম্মান করি। তবে মাঝে-মধ্যে তিনি আমার নামে এমন মন্তব্য করেন, যা ‘ফালতু আলাপ’ ছাড়া কিছু নয়। সম্প্রতি আমাদের হঠাৎ দেখা হয়েছিল। সেখানে তিনি আমাকে জড়িয়ে ধরে আমার কাছে ক্ষমা চেয়ে বলেছেন, 'সরি ইয়ার'। আমি তাকে সত্যিই অনেক পছন্দ করি।”
অভিনয়জীবনে যারা বিভিন্ন সময়ে অনুপমকে অনুপ্রাণিত করেছেন তাদের মধ্যে নাসিরুদ্দিন অন্যতম বলেও জানিয়েছেন তিনি।
তবে নাসিরুদ্দিনের স্বভাব নিয়ে বলতে ছাড়েননি অনুপম।
তিনি বলেন, “তিনি (নাসিরুদ্দিন শাহ) অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান একজন মানুষ এবং ঈশ্বর তাকে অনেক কিছু দিয়েছেন। সমান্তরাল সিনেমায় তার চেয়ে বড় তারকা নেই। তবুও মনে হয়, তার মধ্যে একধরনের তিক্ততা আছে, কখনও সেটা আমার দিকে যায়, কখনও দিলীপ কুমারের দিকে, কখনও রাজেশ খান্নার দিকে।”
নাসিরুদ্দিন শাহ ও অনুপম খেরের মধ্যে বিবাদের শুরু ২০২০ সালে। ওই বছরের জুনে ভারতের জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হোস্টেল ফি বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। তাদের আন্দোলনে হামলা চালানো হলে বিক্ষোভ তীব্রতর হয়।
সেসময় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ওই আন্দোলনে সংহতি জানান। তাতে অভিনেত্রীর বিরুদ্ধে ফুঁসে ওঠেন বিজেপির নেতারা। দীপিকার সিনেমা বয়কটের ডাক দেওয়া হয়। অনুপম খেরও সরকারের পক্ষ নিয়ে দীপিকার সমালোচনা করেন।
তবে নাসিরুদ্দিন শাহ প্রশংসা করেন দীপিকার। অনুপম খেরের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেছিলেন, “অনুপম খেরের মত অনেকে শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাকে অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। সে একটা জোকার। সরকারের চাটুকারিতা করা তার রক্তে মিশে আছে।”
নাসিরুদ্দিন শাহর মন্তব্যের পর অনুপম সরব হন সোশাল মিডিয়ায়।
তিনি এক্সে লিখেছিলেন, “আমি কখনও আপনার নামে কিছু বলিনি। কিন্তু আপনি এত সাফল্য পাওয়ার পরও অস্বস্তিতে জীবন কাটিয়েছেন। এসব কথা আপনি বলেন না, আপনার বহু বছরের অভ্যাসই এগুলো বলায়। আর যদি আমাকে গালি দিলে আপনাকে দুইদিনের জন্য খবরের শিরোনাম এনে দেয় তাহলে সেটাই আপনার জন্য আমার উপহার।”
দুই অভিনেতা শেষবার একই পর্দায় এসেছিলেন ২০১৮ সালে মুক্তি পাওয়াপ ‘আইয়ারি’ সিনেমায়।