টেলিভিশনে শো সঞ্চালনায় অভিষেক হতে চলেছে অজয়ের
বাস্তব অপরাধমূলক ঘটনার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে শো।
তিন দশকের বেশি সময় ধরে অ্যাকশন, থ্রিলার, কমেডি থেকে পারিবারিক-প্রায় সব ঘরানার সিনেমায় কাজ করেছেন বলিউডের অজয় দেবগণ।
এবার অজয় আসছেন টেলিভিশনের পর্দায়, সঞ্চালকের ভূমিকায়।
নিউজ এইট্টিন জানিয়েছে, সনি টিভির একটি নতুন ক্রাইম শোয়ের সঞ্চালক হিসেবে তাকে দেখা যাবে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফে কিছু জানায়নি।
বাস্তব অপরাধমূলক ঘটনার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে শো। প্রতিটি পর্বে সত্য ঘটনা অবলম্বনে তদন্ত, রহস্য এবং অপরাধের নানা দিক তুলে ধরা হবে। তবে শোয়ের নাম, সম্প্রচারের তারিখ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই মুহূর্তে অজয়ের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। একই সঙ্গে তিনি প্রযোজক হিসেবেও বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করছেন।
এবার ছোট পর্দায় তার উপস্থিতি কেরিয়ারে আরও একটি নতুন অধ্যায় যোগ করবে।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার ‘ধামাল ৪’। ইন্দ্র কুমার পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, রিতেশ দেশমুখ ও ঈশা গুপ্তা।
