Published : 07 Jun 2026, 12:55 PM
টলিউডের সাবেক ফেডারশন সভাপতি স্বরূপ বিশ্বাস এখন জেলবন্দি। তার সঙ্গে পশ্চিমবঙ্গের যে কজন অভিনেতা ও পরিচালকের মতের বিরোধ প্রকাশ্যে আসে, তাদের মধ্যে অন্যতম অনির্বাণ ভট্টাচার্য। যে বিরোধের জেরে গত দুবছর ধরে অনির্বাণের হাতে কোনো কাজ ছিল না বলে ভাষ্য এই অভিনেতার।
পরিচালক-প্রযোজকেরা যখন টলিপাড়ায় কর্মবিরতির ডাক দিয়েছিলেন সেই সময়ে প্রথমের সারিতে ছিলেন অনির্বাণ। ডিরেক্টরস গিল্ড ও টেকনিশিয়ান ফেডারেশনের দ্বন্দ্বে চরমে পৌঁছালে শোনা যায়, ইন্ডাস্ট্রিতে তাকে ‘ব্যান’ করা হয়েছে।
এবার স্বরূপের গ্রেপ্তারির পরে মুখ খুললেন অভিনেতা।
গেল ৪ জুন স্বরূপকে দুর্নীতিসহ নানা ধরনের অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করে নিউ আলিপুর থানার পুলিশ। । এর পরে কলকাতার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনির্বাণ বলেন, এ লড়াই তার একার নয়।
অভিনেতা বলেন, ‘‘অনেকে লড়াই করেছেন। আমি একা নই। আমি তো ইন্ডাস্ট্রির আলোর দিকের মানুষ। গ্ল্যামারের দুনিয়ায় অভিনেতাদের অবাধ চলাফেরা। তবে ইন্ডাস্ট্রির যারা কলাকুশলী, যারা উপার্জনের দিকে কিংবা গ্ল্যামারের দিক থেকে অনেকটা পিছনে, তারা অনেক বেশি ভুগেছেন।
“আর স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর মূলত আগে কী হত, সবাই এখন সবটা জেনেছে, তেমন নয়। আমরা এগুলো জানতাম বলেই, এর বিরোধিতা করেছিলাম।’’
২০২৫ সালে ‘রঘু ডাকাত’ সিনেমা মুক্তির পরে অনির্বাণের আর কোনো কাজ মুক্তি পায়নি অনির্বাণের। চলতি বছরের শুরুতে অনির্বাণের হয়ে প্রকাশ্যে ক্ষমা চান দেব। তবুও মন গলেনি স্বরূপের। গেল মে মাসে পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রসের বিদায়ের পর পরিস্থিতি বদলে যায় অনির্বাণ। অভিনেতা-প্রযোজক ও পরিচালক দীপক অধিকারী দেব তার সিনেমা ‘দেশু ৭’ এর মাধ্যমে অনির্বাণকে ফিরিয়ে আসেন ইন্ডাস্ট্রিতে।
গেল বছরের শেষের দিকে অনির্বাণ বলেছিলেন, “তার কাছে কোনো কাজের প্রস্তাব আসেনি। 'রঘু ডাকাতে' অভিনয়ের পর থেকে আমার হাতে আর কোনো অভিনয়ের কাজ নেই। সেক্ষেত্রে এখন কোনো অসুবিধা হচ্ছে না।
"কিন্তু এবার যদি দেখা যায় যে আরও ৩ মাস পর বা ৬ মাস পরও কেউ আমাকে অভিনয়ের জন্য ডাকছেন না, তখন নিশ্চয় আমার মনে একটা প্রশ্ন উদয় হবে যে, তাহলে মনে হয় আমার ঘটি মাটি সব হাওয়া করে দেওয়া হল। মানে আমার অভিনয়ও বন্ধ হয়ে গেল।”
এমনকি তার 'হুলিগানিজম' ব্যান্ডের নতুন মিউজিক ভিডিও করতে গিয়েও বাধার মুখে পড়ার অভিযোগ তুলেছিলেন তিনি।
তবে অনির্বাণ বলেছিলেন ডাক না পেলেও অভিনয় চালিয়ে যাবেন তিনি। অভিনয় করতে ক্যামেরা লাগে না, স্টেজ লাগে না।
পুলিশ জানিয়েছে, নিউ আলিপুর এবং টালিগঞ্জ এলাকার একাধিক নির্মাণ ব্যবসায়ী ও প্রোমোটারের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, হুমকির অভিযোগ উঠছিল স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, এলাকায় কোনো নতুন বহুতল, আবাসন বা ফ্ল্যাট নির্মাণ প্রকল্প শুরু করতে গেলে স্বরূপ বিশ্বাস এবং তার ঘনিষ্ঠদের নির্দিষ্ট পরিমাণ ‘কাটমানি’ বা ‘চাঁদা’ দিতে হত। কেউ সেই দাবি মানতে অস্বীকার করলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগও রয়েছে।
পুলিশ বলছে, কদিন আগে এক নির্মাণ সংস্থার পক্ষ থেকে সরাসরি কোটি টাকার তোলা দাবি এবং ভয় দেখানোর অভিযোগে মামলা করা হয় স্বরূপের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে নিউ আলিপুর থানার পুলিশ। তদন্তের অগ্রগতির পর বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদ করা হয় স্বরূপ বিশ্বাসকে। পরে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে সেদিন রাত প্রায় ১০টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়।