১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ পেলেন নচিকেতা-পরমব্রতসহ এক ঝাঁক তারকা

সংগীত ও বিনোদনজগতের এক ঝাঁক তারকা পেয়েছে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা।

‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ পেলেন নচিকেতা-পরমব্রতসহ এক ঝাঁক তারকা
নচিকেতা চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী ও মনোময় ভট্টাচার্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 04:13 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের একঝাঁক তারকাকে ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ সম্মাননায় ভূষিত করেছে। 

আনন্দবাজার লিখেছে, সংগীতে অনন্য অবদানের জন্য 'বঙ্গবিভূষণ' পেয়েছে শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, ও বাবুল সুপ্রিয়। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে চিত্রকর গণেশচন্দ্র হালুই ও কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়েরও।     

অন্যদিকে, বঙ্গভূষণ সম্মাননা পেয়েছেন সিনেমার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়; এছাড় গায়ক মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, কার্তিক দাস বাউল ও অদিতি মুন্সীকেও বঙ্গভূষণ সম্মাননা দেওয়া হয়েছে। 

তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় শনিবার। সম্মাননা পাওয়ার পর ট্রফি ও মানপত্র হাতে নিয়ে ফেইসবুকে ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়ে গায়িকা ইমন চৌধুরী লিখেছেন, "ধন্যবাদ দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) রাজ্যের সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্যে। আমি আজীবন কৃতজ্ঞ থাকব। সংগীতের পথেই থাকব।"

নচিকেতার গানের সঙ্গে দুই বাংলার শ্রোতাদের পরিচয় নব্বই দশক থেকে। এখনো তাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পাওয়া যায়।

গানে মনোময় ভট্টাচার্যের প্রায় তিন দশকের ক্যারিয়ার। মূলত রবীন্দ্রসংগীত ও বাংলা আধুনিক গানের জগতে অন্যতম নাম মনোময়। 

আর বাংলা সিনেমার জগতে রূপঙ্করের রয়েছে বেশ কিছু জনপ্রিয় গান।   

অদিতি মুন্সীর যাত্রা শুরু হয়েছিল একটি রিয়্যালিটি শো থেকে। এবার বঙ্গভূষণ সম্মান পেলেন এই কীর্তন শিল্পী অদিতি।

বাংলা আধুনিক গানের অন্যতম নাম রাঘব চট্টোপাধ্যায়। এবার এই গায়ক বঙ্গসম্মান পেলেন।

পরমব্রত চট্টোপাধ্যায় প্রায় তিন দশক ধরে বাংলা সিনেমা-সিরিজের অভিনয় করছেন, এর পাশাপাশি মুম্বাইয়ে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।