১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’, দেখা যাবে দুইদিন

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।

বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’, দেখা যাবে দুইদিন
‘যোজনগন্ধা মায়া’ নাটকের দৃশ্য। ছবি: বটতলার সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 02:15 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

নাট্যদল বটতলা মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’। 

এটি দলের ২৫তম প্রযোজনা। বদরুজ্জামান আলমগীর রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন ইমরান খান মুন্না। 

বিজ্ঞপ্তিতে বটতলা জানিয়েছে, শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হবে উদ্বোধনী প্রদর্শনী। এরপর শুক্রবার বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় রয়েছে নাটকটির আরও দুইটি শো। 

'যোজনগন্ধা মায়া' নিয়ে নাট্যকার বদরুজ্জামান আলমগীর বলেন, “যে কোনো লড়াইয়ের সময় রাজনীতিবিদ মানুষের হাতে হাতিয়ার তুলে দেয়, ধনাঢ্য জোগান দেয় খাবার আর প্রান্তিকজন তাদের সন্তানদের যুদ্ধে পাঠায়। লড়াই শেষ হওয়ার পর রাজনীতিবিদ প্রতিপক্ষ নেতার সঙ্গে করমর্দন করে, ধনীরা বাজারে খাবারের দাম বাড়িয়ে দেয় যেন তার ভর্তুকি উঠে আসে, আর দরিদ্ররা যুদ্ধে হারিয়ে যাওয়া সন্তানদের কবর খুঁজতে থাকে। এমনই এক খোঁজাখুঁজির গল্প যোজনগন্ধা মায়া।”

নির্দেশক ইমরান খান মুন্না জানিয়েছেন, ২০২৩ সালের সেপ্টেম্বরে সামিনা লুৎফা নিত্রার মাধ্যমে ‘যোজনগন্ধা মায়া’ নাটকটির খোঁজ পান তিনি। তখন থেকেই এটি মঞ্চে আনার পরিকল্পনা করছিলেন। 

“একটা অদ্ভুত বেদনার রং আছে এ নাটকে। মা যেমন অপেক্ষা করে তার সন্তানের আশায়, একটা জনপদ অপেক্ষা করে মুক্তির আশায়। কিন্তু সেই মুক্তি কি কখনোই আসে? গল্পে হারিয়ে যাওয়া সন্তানের জন্য একজন মায়ের অপেক্ষাই আমাকে এই নাটকে টেনেছে।”

যোজনগন্ধা মায়া নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামিনা লুৎফা নিত্রা, মোহাম্মদ আলী হায়দার, কাজী রোকসানা রুমা, গোলাম মাহবুব মাসুম, মনিরা খাতুন সৃষ্টি, মুন ইসলাম, নিরঞ্জন দাস, আশরাফুল ইসলাম অশ্রু, শাহাদত হোসেনসহ অনেকে। 

নাটকে সুর ও সংগীত পরিকল্পনায় পলাশ নাথ লোচন ও চন্দ্রাবতী ইভা। পোশাক পরিকল্পনা করেছেন মহসিনা আক্তার ও আলোক পরিকল্পনায় রয়েছেন ধীমান চন্দ্র বর্মন। বটতলার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে যোজনগন্ধা মায়ার অগ্রিম টিকেট।