১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন! মুখ খুললেন রণজয়

‘এই রটনার প্রমাণ কী’

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 05:58 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

কলকাতা নাটক ইন্ডাস্ট্রিতে কয়েকদিন ধরে গুঞ্জন ছড়িয়েছে যে, বিচ্ছেদের পথে যাচ্ছেন অভিনেতা রণজয় বিষ্ণু ও অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। যারা বিয়ে করেছিলেন মাত্র পাঁচ মাস আগ।

মাত্র পাঁচ মাসেই কেন দাম্পত্যে ভাঙন, তা নিয়েও চলছে চর্চা। ‘এই সময়’ জানিয়েছে, রণজয়ের সঙ্গে জড়িয়েছে অভিনেত্রী অভিকা মালাকারের নাম; অন্য দিকে শ্যামৌপ্তির সঙ্গে একজন ক্যাফে মালিকের সম্পর্কের গুঞ্জন ভাসছে।

এ নিয়ে শ্যামৌপ্তি কোনো কথা না বললেও মুখ খুলেছেন রণজয়।

শুটিং সেট থেকেই একটি ভিডিও শেয়ার করেছেন রণজয়। 

যেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, “ভাবিনি কখনও এই বিষয় নিয়ে কথা বলতে হবে। যে কাদা ছোড়াছুড়িটা হচ্ছে এটা কাম্য নয়। আমরা একে অন্যকে ভালোবেসে বিয়ে করেছি। ব্যক্তিগত জীবন নিয়ে এত কথা বলতে আমি আগ্রহী নই। এই মুহূর্তে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। একজন মহিলাকে নিয়ে কথা বলার আগে আমাদের একটু ভাবা উচিত। যে ধরনের কথা বলা হয়েছে সে গুলো শ্যামৌপ্তিরও প্রাপ্য নয়।”

সবার উদ্দেশে রণজয় বলেন, “আমরা বিয়ে করেছি। আমাদের মধ্যে যাই হোক, আমরা বুঝে নেব। কারো কাছে কিছু প্রমাণ করার কি আদৌ কোনও দায় আছে? হাতজোর করে অনুরোধ করছি আমাদের বাঁচতে দিন। আমাদের মতো ছেড়ে দিন। দম নিতে চাই। এত মিথ্যে রটনা নিতে পারছি না।”

সহ অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে সম্পর্কের নিয়ে রণজয় বলেন, “এই রটনার প্রমাণ কী?’ আমাদের ব্যক্তিগত জীবন, ভালো থাকা, খারাপ থাকা আমরা আমাদের মত করে বুঝে নেব। যা হচ্ছে সেটা আমরা ডিসার্ভ করি না।’

গত ১৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন দম্পতি। দুজনেই সিরিয়াল করার সুবাদে পরিচিত মুখ।