Published : 18 Dec 2025, 01:29 AM
তিন বছর পর ‘রইদ’ নামের নতুন সিনেমা নিয়ে ফিরছেন 'হাওয়া' খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন।
রাজধানীতে এক অনুষ্ঠানে সিনেমার পোস্টার ও ট্রেইলার প্রকাশ করে সিনেমার মুক্তির ঘোষণা দেন সুমন।
পাশাপাশি নির্মাতা জানিয়েছেন, নেদারল্যান্ডসের 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে' উৎসবে নির্বাচিত হয়েছে সিনেমাটি। মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ প্রদর্শিত হয়েছে ‘রইদ’।

ওই আয়োজনে সিনেমার পেছনের ভাবনা ও গল্প নিয়ে সুমন বলেন, "সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে হাজার বছরের পুরোনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি। তবে সময়ের বর্তমানে নয়, বরং অনুভূতির বর্তমানে। এই সিনেমার প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।"
দুই মিনিট ২০ সেকেন্ডের ট্রেইলারেও উঠে এসেছে সেই দৃশ্য। সিনেমার প্রত্যেকটা ফ্রেমে অন্য রকম ভিজ্যুয়াল, নির্মাণ ও লোকেশনের ভিন্নতা উঠে এসেছে।
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ সহ আরও অনেকে।

‘রইদ’ সিনেমার গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন নির্মাতা, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান।
আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
সিনেমাটি প্রযোজনা করছে বঙ্গ। প্রতিষ্ঠানটির প্রযোজক মুশফিকুর রহমান বলেন, “দেশের চলচ্চিত্র শিল্পের সবচেয়ে ক্ষয়িষ্ণু অবস্থায় যে স্বল্প সংখ্যক নির্মাতা আমাদের আশার আলো দেখিয়েছেন মেজবাউর রহমান সুমন তাদের মধ্যে অন্যতম। রইদের প্রযোজক হিসেবে বঙ্গ আনন্দিত ও গর্বিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, 'রইদ' শুধু দেশের দর্শকদেরই নয়, বিশ্বজুড়ে আমাদের অগণিত দর্শকদেরও মন জয় করবে।”
তিন বছর আগে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমার দেশে ও বিদেশে অভাবনীয় সাফল্য দিয়ে আলোচনায় আসেন সুমন। সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি জনপ্রিয় হয়।