৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বিনামূল্যে দেখা যাচ্ছে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’

সিনেমায় ভুল ঠিকানাকে কেন্দ্র করে একটি সম্পর্ক গড়ে ওঠার কাহিনী দেখানো হয়েছে।

বিনামূল্যে দেখা যাচ্ছে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’
‘তুমি আমি শুধু’ ওয়েব ফিল্মের পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 11:07 AM

Updated : 10 Sep 2026, 12:48 PM

পয়লা বৈশাখ ঘিরে প্রচারে এসেছে ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। ওটিটিতে বিনামূল্যে দেখা যাচ্ছে এই সিনেমাটি।   

ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত এই সিনেমাটি। এতে জুটি বেঁধেছেন সংগীতাঙ্গনের দুই শিল্পী জেফার রহমান ও প্রীতম হাসান।   

পরিচালক শাহীন জানিয়েছেন, বাংলা নববর্ষ উপলক্ষে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিঞ্জে দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবে।

সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে ভুল ঠিকানায় পাঠানো ফুড ডেলিভারি থেকেই শুরু হয় একটি সম্পর্ক। এই দুই অচেনা মানুষের গল্প নিয়েই এগিয়ে যাবে সিনেমাটি।

এতে প্রীতমকে দেখা যাবে আবেগপ্রবণ, তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া এক ব্যক্তি হিসেবে। যিনি বিশ্বাস করেন যে ঘটনার পেছনে কোনো কারণ থাকে।

অন্যদিকে বাস্তববাদীর চরিত্র নিয়ে হাজির হবেন জেফার। তিনি চলেন যুক্তিবোধ ও কারণ দিয়ে। দুই তরুণ-তরুণী হঠাৎ করে দেখজা হওয়া কী কেবলই কাকতালীয়, নাকি নিয়তির অদৃশ্য টান, সে গল্পে এগিয়ে যাবে সিনেমাটি।    

সিনেমার গল্প নিয়ে শাহীন বলেন, "একটা মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে 'তুমি আমি শুধু' ফিল্মটি। মেয়েটি নিজের ইচ্ছা বা চাওয়াকেই প্রাধান্য দেয় সব সময়। নিজের জীবনটাকে নিজের ইচ্ছাতেই গড়ে তুলতে চায় সে। তার এই স্বাধীন ইচ্ছা নিয়ে একসময় তৈরি হয় জটিলতা। সেই জটিলতা ঘিরে গল্প এগোতে থাকে। আবার এভাবেও বলা যেতে পারে, এটা এক জোড়া মানুষের প্রেমের গল্প। সেই গল্পে নতুনত্ব খুঁজে পাবে দর্শক।"   

দুই সংগীতশিল্পীকে নিয়ে কাজ করা নিয়ে শাহীন বলেন, "প্রীতম ও জেফার অভিনয়ে নিজেদের প্রমাণ করেছেন। প্রীতম যেমন গানের পাশাপাশি ভালো অভিনয় করেন, তেমনি জেফারও তার কাজের বিষয়ে খুব সচেতন। এই জুটিকে নিয়ে আমি আশাবাদী। আশা করি দর্শকের ভালো লাগবে।"  

সিনেমায় আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টুসহ অনেকে।