১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিজয়া দশমীর ছবি পোস্ট করে কটাক্ষের শিকার ইয়াশ, পাশে দাঁড়ালেন সহকর্মীরা

ইয়াশকে সমর্থন জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন সহকর্মীরা।

বিজয়া দশমীর ছবি পোস্ট করে কটাক্ষের শিকার ইয়াশ, পাশে দাঁড়ালেন সহকর্মীরা
ইয়াশ রোহান। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 01:04 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

দুর্গাপূজায় ফেইসবুকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা ইয়াশ রোহান। সোশাল মিডিয়ায় কিছু মানুষ রোহানের সমালোচনা করেছেন। এ ঘটনায় তার পাশে দাঁড়িয়েছেন দেশের বিনোদন অঙ্গনের সহকর্মী ও দর্শকরা।

বিজয়া দশমী উপলক্ষে বৃহস্পতিবার নিজের ফেইসবুক পেইজে দুর্গা প্রতিমার সামনে তোলা একটি ছবি পোস্ট করেন ইয়াশ ক্যাপশনে লিখেছিলেন, “শুভ বিজয়া দশমী।” 

এর পর থেকেই তাকে উদ্দেশ্য করে নেতিবাচক মন্তব্য করতে থাকেন কেউ কেউ। মন্তব্যের বেশিরভাগ অংশই ছিল কটূক্তি, ধর্মীয় আক্রমণ। 

কেউ লিখেছেন, “আজকে থেকে তোমার নাটক আর দেখব না।” 

অন্য আরেকজন লিখেছেন “মুসলিম ভেবেছিলাম।” 

আরেকজন লিখেছেন, “হিন্দু, আজকে জানলাম।”

কিছু মন্তব্যের উত্তরও দিয়েছেন এই অভিনেতা। 

‘সাইবার বুলিং’ নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছেন কী না জানতে অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। 

ইয়াশকে সমর্থন জানিয়ে সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিয়েছেন তার সহকর্মীরা। 

ইয়াশ রোহান। ছবি: ফেইসবুক থেকে নেওয়া। 

ইয়াশ রোহান

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেইসবুকে লিখেছেন, “কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ, সেটাই দেখায়। এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?”

অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং নির্মাতা শিহাব শাহীনও ফেইসবুক ইয়াশকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে তার প্রতি সংহতি প্রকাশ করেছেন।

ইয়াশের ছবিটি শেয়ার করে অভিনেতা মুস্তাফিজ নূর ইমরান লিখেছেন, “ইয়াশ রোহান আমার ভাই। আমার বন্ধু। একজন সম্মানিত শিল্পী। আমি ক্ষমা চাই তার কাছে। শুধু এই ছবিতে মন্তব্যকারীরা নয়, এই দূষিত মানসিকতার প্রতি ঘৃণা জানাই।”

আরশ খান লিখেছেন, ইয়াশ রোহানের অভিনয় ও ব্যক্তিত্ব দুটাই তার প্রিয়। 

“অভিনেতা ইয়াশকে তার ধর্ম বা সে কোন অঞ্চলের মানুষ, তা রিপ্রেজেন্ট করে না। বরং নিজের শৈল্পিক গুণাবলি দিয়ে সে এ দেশের মানুষকে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার, দেশ সবার।”

শুধু সহকর্মীরাই নয়, সাধারণ দর্শকরাও ইয়াশের পাশে দাঁড়িয়েছেন।

রাশেদ শিকদার নামের একজন লিখেছেন, "কমেন্টগুলো পড়ে যা বুঝলাম। কিছু ধর্মান্ধরা মনে করে তারা ধার্মিক।"

আরেকজন লিখেছেন, “কমেন্টগুলো পড়ে আমি সত্যিই স্তব্ধ। আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে, তা ভেবে কষ্ট লাগে। মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম আর মানবিকতার ভিত্তিতে বিচার করা উচিত।” 

ইয়াশ রোহান অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর ছেলে। নাটক ও ওটিটিতে রোহান পরিচিত মুখ। এছাড়া গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।