১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যে মিউজিক ভিডিওর নাম শুনেই কাজ করতে রাজি হন মৌ

মৌয়ের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে সংগীতশিল্পী আসিফ আলতাফকে।

যে মিউজিক ভিডিওর নাম শুনেই কাজ করতে রাজি হন মৌ
‘পেনসিল হিল’ ভিডিওর দৃশ্যে সাদিয়া ইসলাম মৌ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 08:39 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে দেখা যাবে ‘পেনসিল হিল’ শিরোনামে একটি মিউজিক ভিডিওতে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শোয়েব আহমেদ।

‘পেনসিল হিল’ গানটি গেয়েছেন সংগীতশিল্পী আসিফ আলতাফ। গাওয়ার পাশাপাশি লিখেছেন ও সুরও করেছেন তিনি। মৌয়ের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে আলতাফকে। 

গানটি নিয়ে এক ভিডিওতে মৌ বলেন, "আমার ক্যারিয়ারে মিউজিক ভিডিও খুব কমই করা হয়েছে। এটা আমার দ্বিতীয় মিউজিক ভিডিও। গানের নাম ‘পেনসিল হিল’। নামটা একটু ভিন্ন না?, এই কারণেই আমারও কাজটি করা। গানটি চাঁদ রাতে মুক্তি পাবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।"

গানটি নিয়ে সংগীতশিল্পী আসিফ আলতাফ বলেন, "'পেনসিল হিল' অনেক আগে লেখা ও সুর করা একটি গান। আমি চেয়েছিলাম গানের সঙ্গে মানানসই একজন শিল্পী। হঠাৎ মনে হলো, আমাদের প্রিয় শিল্পী মৌকে প্রস্তাব দিয়ে দেখা যেতে পারে। মৌয়ের রাজি হওয়াটা ছিল আমার জন্য আনন্দের সংবাদ। গ্যামারাস একটি ভিডিও হয়েছে। ভিডিওটার জন্য অনেক পরিশ্রম করেছেন মৌ আপু। আপনারা সঙ্গে থাকবেন। আশা করছি সবার ভালো লাগবে।"  

ক্যারিয়ারের শুরুর দিকে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে 'আমার গরুর গাড়িতে' গানের মিউজিক ভিডিওতে জাহিদ হাসানের সঙ্গে অংশ নিয়েছিলাম মৌ।   

আসিফ আলতাফ জানিয়েছেন, ঈদের আগের রাতে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেজে গানটি প্রচার হবে।