Published : 03 Dec 2025, 01:10 PM
সোশাল মিডিয়ায় চোখ রাখলেই তারকাদের প্রতিদিনের মুহূর্তগুলো উঠে আসে আলাদা আলাদা সময়ের গল্প হয়ে। কেউ নতুন স্বপ্নের খোঁজে তীর ছুড়ছেন, কেউ ছবির সঙ্গে যুক্ত করে দেন গানের কিছু কথা।
কোথাও জন্মদিনের উচ্ছ্বাস, কোথাও বাবার ভালোবাসায় ধরা পড়ছে মেয়ের প্রতি টান। আবার কোনো ছবিতে নতুন জীবনের আগমনের সুখবরও আছে। ফেইসবুকে তারকাদের ভাগ করে নেওয়া নিজেদের টুকরো টুকরো রঙ, আবেগ, উচ্ছ্বাস আর আত্মবিশ্বাসের গল্পগুলো গ্লিটজ তুলে ধরেছে এই ছবিগুলোয়।

তীর ধনুক হাতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আর্চারি বা তীরন্দাজ হওয়ার এই খেলার ছবিটি মূলত শাকিব খানের করা এক বিজ্ঞাপনের অংশ। ছবির ক্যাপশনে এই অভিনেতা লিখেছেন, "স্বপ্ন হোক বড়, লক্ষ্য হোক আরও বড়!”

বেশ কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, “যেমন সাইবেরিয়ার তুষারপাতে, সবুজ ফসল ফলবে না, তপ্ত কোন ভরদুপুরে চাঁদ কখনো জ্বলবে না, তোমার জন্য আর কখনো আমার এ মন গলবে না।”
বৃহস্পতিবার আসছে ফারিণের কণ্ঠে 'এ মন গলবে না' শিরোনামের একটি গান। সেই গানের প্রচারণায় ছবি পোস্ট করে কথাগুলো লিখেছেন অভিনেত্রী।

অভিনেত্রী ফারজানা চুমকি, দীপা খন্দকার, তানভীন সুইটি, সুবর্ণা মুস্তাফা, বিজরী বরকতউল্লাহ, ওয়াহিদা মল্লিক জলি, তাহমিনা সুলতানা মৌকে পাওয়া গেছে এক ফ্রেমে। সবাইকে একসঙ্গে পাওয়া গেছে অভিনেত্রী দীপা খন্দকারের ফেইসবুকে।
সুবর্ণা মুস্তাফার জন্মদিন ঘিরে কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “সুবর্ণা মুস্তাফা একজনই। তার জন্মদিন। সুস্থ সুন্দরভাবে আমাদের মাঝে বেঁচে থাকেন। আনন্দে বাচেঁন। ভালোবাসি অনেক।”

মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতা শ্যামল মাওলা লিখেছেন, "আমার উড়ন্ত পাখি।"

গানের মঞ্চে থাকা একটি ছবি পোস্ট করে গায়িকা পড়শী লিখেছেন, "আমার গান কে ভালোবাসার জন্য ধন্যবাদ সবাইকে।"

কন্যাসন্তানের বাবা হয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সেই খবর দিয়ে তিই ফেইসবুকে লিখেছেন, "আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে ইনশা আল্লাহ। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।"

অভিনেত্রী আনোয়ারা বেগমের সঙ্গে তার মেয়ে রুমান ইসলাম মুক্তি নিজের জন্মদিনে একটি ছবি পোস্ট করে লিখেছেন, "আমার মা, আমার মেয়ে এবং আপনাদের এত ভালোবাসার পর জন্মদিনে আর কি লাগে, আমার জন্মদিনে তোমাকে ধন্যবাদ মা, আমাকে জন্ম দেবার জন্য। ভক্তদের উদ্দেশ্যে অভিনেত্রী লিখেছেন, "অনেক ধন্যবাদ আপনাদের, এই ভালোবাসা আজীবন মনে থাকবে।"

লাল লেহেঙ্গায় বধূ সেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "যার মুখে দৃঢ় আত্মবিশ্বাস, তার গন্তব্যও চেনা, পথও তার জানা।"