সুমনের ‘রইদ’ যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসবে
প্রকাশ হয়েছে সিনেমার প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’।
যুক্তরাষ্ট্রের 'সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে' জায়গা করে নিয়েছে মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’।
পরিচালক সুমন গ্লিটজকে জানিয়েছেন, উৎসবের 'এশিয়ান ক্রসরোডস' বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে সিনেমাটি। আগামী ১৫ মে ও ১৬ মে দুইদিন উৎসবে ‘রইদ’ দেখানো হবেভ।
দেশের প্রেক্ষাগৃহে ‘রইদ’ মুক্তি পাবে কোরবানির ঈদে। এই পরিকল্পনা নিয়ে প্রচার কাজেও নেমেছে সিনেমা টিম। এর মধ্যে পরিচালক সুমন প্রকাশ করেছেন সিনেমার প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’।
চলতি বছরের শুরুতে 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের’ ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ সিনেমাটি দেখানো হয়েছিল।
২০২৫ সালের শেষ দিকে ‘রইদ’ সিনেমার ট্রেইলার ও পোস্টার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রটি নিয়ে শুরু হয় আলোচনা।
‘রইদ’ সিনেমার চিত্রনাট্য সাদু, তার মানসিকভাবে অসুস্থ স্ত্রী এবং তাদের জীবনযাপন ঘিরে। নির্জন এক জায়গায় বসবাস করেন এই দম্পতি। স্ত্রী সুস্থ না হওয়ায় তার কাছ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন সাধু। সাধু বেশ কয়েকবার তার স্ত্রীকে ফেলে আসেন এমন জায়গায়, যেখান থেকে তিনি যেন আর ফিরে না আসেন।
কিন্তু সাধুর স্ত্রী শেষ পর্যন্ত ঠিক বাড়ি ফিরে আসেন।
চিত্রনাট্যে দেখানো হয়েছে বাড়ির তালগাছ থেকে একটা করে ফল পড়ে এবং সাধুর স্ত্রী ফিরে আসে। হাজার বছরের পুরোনো আখ্যান অ্যাডাম ও ইভের কাহিনী বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা সুমন।
সিনেমায় সাধু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও তার স্ত্রীর চরিত্রে নাজিফা তুষি। এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।
‘রইদ’ সিনেমার গল্প লিখেছেন সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন নির্মাতা, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান। আর প্রযোজনা করছে বঙ্গ।
