Published : 04 May 2026, 11:31 PM
কিংবদন্তি অভিনেত্রী অড্রে হেপবার্নকে নিয়ে নির্মিত ‘ডিনার উইথ অড্রে’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।
সোমবার হলিউডের অস্কারজয়ী হেপবার্নের ৯৭তম জন্মবার্ষিকীর দুদিন আগে বিনোদন ম্যাগাজিন ডেডলাইন ওই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে।
এতে অড্রে হেপবার্নের ভূমিকায় অভিনয় করছেন টমাসিন ম্যাকেনজি। এই সিনেমায় হেপবার্নের সঙ্গে ফরাসি ফ্যাশন ডিজাইনার উবে দ্য জিভসির চার দশকের বন্ধুত্বকে তুলে ধরা হবে। জিভসির চরিত্রে দেখা যাবে অ্যানসেল এলগর্টকে।
ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, ম্যাকেনজি ও এলগর্ট একসঙ্গে ঘুরছেন প্যারিসে।
ফার্স্ট লুক ছাড়াও ডেডলাইন সিনেমায় কারা অভিনয় করছেন সে নামগুলোও সামনে এসেছে।। ম্যাকেনজি ও এলগর্ট ছাড়াও সিনেমায় দেখা যাবে, দুইবার অস্কার মনোনয়ন পাওয়া মিরান্ডা রিচার্ডসন, মাইকেল শ্যানন ও জুডি গ্রিয়ারকে।
রিচার্ডসন সিনেমায় হেপবার্নের মা এলা ফন হেমস্ট্রার চরিত্রে অভিনয় করছেন। গ্রিয়ার অভিনয় করছেন খ্যাতনামা কস্টিউম ডিজাইনার এডিথ হেডের চরিত্রে। সিনেমার পরিচালনার দায়িত্বে আছেন অ্যাবে সিলভিয়া।
‘ডিনার উইথ অড্রে’ সিনেমার পটভূমি ১৯৫৩ সালের প্যারিস। যেখানে উঠতি তারকা অড্রে হেপবার্নকে তার পরবর্তী সিনেমা ‘সাব্রিনা’র জন্য উপযুক্ত পোশাক খুঁজতে পাঠিয়েছেন সিনেমার পরিচালক বিলি ওয়াইল্ডার। পোশাক খুঁজতে খুঁজতে হেপবার্ন হাজির হন তরুণ ডিজাইনার উবে দ্য জিভসির ফ্যাশন হাউজে। প্রথমে রাজি না হলেও পরে ঠিকই হেপবার্নকে সাহায্য করতে রাজি হন জিভসি। যার মধ্যে দিয়ে রচিত হয় দুই সৃষ্টিশীল শিল্পীর মধ্যে দীর্ঘ চার দশকের সম্পর্ক।
সিনেমার প্রযোজক হিসেবে রয়েছে ওয়েফেয়ারার স্টুডিওস, হাইড পার্ক এন্টারটেইনমেন্ট ও ম্যাড চান্স প্রোডাকশনস। সিনেমার শুটিং চলছে হাঙ্গেরির বুডাপেস্টে। চলতি বছর শেষ নাগাদ মুক্তি পেতে পারে বড় পর্দায়।
বেলজিয়ামের ব্রাসেলসে ১৯২৯ সালে জন্ম হেপবার্নের।
মা-বাবা তার নাম রেখেছিলেন অড্রে ক্যাথলিন রুস্টন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছদ্মনাম নেন—এডা ভন হেমেস্ট্রা। একটি ইংরেজি নাম সে সময় ছিল বিপজ্জনক ঘটনা। পরে যখন তিনি আসেন সিনেমার দুনিয়ায় আসেন, পরিচিতি পান অড্রে হেপবার্ন নামে।
তার শৈশব কেটেছে যুদ্ধের বিভীষিকার মধ্য দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি অধিকৃত নেদারল্যান্ডসে অনাহার, ভয় ও অনিশ্চয়তা তাকে খুব কাছ থেকে দেখিয়েছিল মানুষের কষ্ট। পরবর্তী জীবনে তার মানবিক কাজের পেছনে এই অভিজ্ঞতার বড় ভূমিকা ছিল।
অভিনয়ে এই অভিনেত্রী যাত্রা শুরু হয় ছোট চরিত্র দিয়ে। প্রথম তিনি ১৯৪৯ সালে টেলিভিশন সিনেমায় নাম লেখান।
অস্কারের জন্য পাঁচবার মনোনীত হয়েছিলেন অড্রে হেপবার্ন। ‘রোমান হলিডে’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে মাত্র ২৪ বছর বয়সে অস্কার জিতেছিলেন ১৯৫৩ সালে।
অড্রের সৌন্দর্য ছিল ভিন্ন রকম। প্রচলিত গ্ল্যামারের বাইরে তার ছিল সরলতা, স্বাভাবিকতা ও গভীর অভিব্যক্তি, যা আলাদা করে দর্শকদের নজর কাড়ে।
এ ছাড়া ফ্যাশনের জগতেও তিনি বিপ্লব এনেছিলেন। বিভিন্ন সময় সিনেমায় তাঁকে দেখা গেছে বৈচিত্র্যপূর্ণ সব চরিত্রে। কখনো কালো গাউন, কখনো ছোট চুল, বড় চোখ, সব মিলিয়ে অড্রে হেপবার্ন হয়ে ওঠেন স্টাইল আইকন।
বিরল অ্যাপেনডিক্সের ক্যান্সারে ভুগে ১৯৯৩ সালে ৬৩ বছর বয়সে মারা যান অড্রে হেপবার্ন।