Published : 05 Sep 2026, 04:26 PM
সংগীতশিল্পী সালমা আক্তার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার দ্বৈত কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘প্রেম লীলা’।
প্রেমের গানটি ‘বিশ্বরঙ ও বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে।
গানটি প্রকাশের পর শ্রোতা-দর্শকদের মাঝে ‘ইতিবাচক সাড়া মিলছে’ বলে জানিয়েছেন বিপ্লব সাহা।
তিনি বলেন, “সালমার কণ্ঠের সঙ্গে আমাদের দেশীয় সংস্কৃতির যে গভীর যোগাযোগ, তা নতুন করে বলার কিছু নেই। আমরা চেষ্টা করেছি গান ও ভিজ্যুয়ালের মাধ্যমে ঐতিহ্যবাহী বাংলার প্রেম ও সৌন্দর্যকে শৈল্পিকভাবে তুলে ধরতে।”
নতুন এই গান নিয়ে সালমা বলেন, “বিপ্লব ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই চমৎকার। গানটির কথা ও সুর এত জীবন্ত যে গাওয়ার সময় প্রেমের আসল অনুভূতিটা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সহজ হয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের অনেক দিন মনে থাকবে।”
নির্মল দাসের গীতিকবিতায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। গান গাওয়ার পাশাপাশি এর মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন বিপ্লব সাহা নিজেই।
ভিডিওজুড়ে দেশীয় পোশাক ও লোকজ উপাদানের ব্যবহারে চিত্রগ্রহণ করেছেন অনিক চন্দা।