Published : 08 Jun 2026, 01:29 PM
মুক্তির অপেক্ষায় থাকা 'ককটেল' সিনেমার সিক্যুয়েলে অভিনয়ের প্রস্তাব পেয়ে শুরুতে বেশ দ্বিধায় ছিলেন দক্ষিণী সিনেমার নায়িকা রাশমিকা মানদানা।
অভিনেত্রীর ভাষায়, এবারই প্রথম তাকে পর্দায় সবচেয়ে বেশি আধুনিক ও শহুরে রূপে দেখা যাবে। চেনা ধরনের চরিত্রের বাইরে গিয়ে কাজ করার সিদ্ধান্ত ঠিক হবে কী না, তা নিয়ে ভাবতে হয়েছিল রাশমিকাকে।

হিন্দুস্থান টাইমস লিখেছে, শাহীদ কাপুর, রাশমিকা মানদানা ও কৃতি শ্যানন অভিনীত আলোচিত চলচ্চিত্র 'ককটেল ২' মুক্তির অপেক্ষায় দিন গুনছেন দর্শক। ২০১২ সালের দর্শকপ্রিয় সিনেমা 'ককটেল' এর সিক্যুয়েলটি পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া।
কদিন আগে সিনেমাটির ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে নিজের চরিত্র ‘দিয়া’ নিয়ে কথা বলেছেন রাশমিকা। তিনি জানিয়েছেন, চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর শুরুতে তিনি বেশ দ্বিধায় ছিলেন। কারণ, এ ধরনের চরিত্রে তাকে আগে কখনও দেখা যায়নি।
অনুষ্ঠানে রাশমিকা বলেন, “‘ককটেল ২’ আমার কাছে ভালোবাসা, বন্ধুত্ব এবং জীবনকে বোঝার এক সুন্দর মেলবন্ধন। সিনেমায় দিয়া, অ্যালি ও কুনালের মধ্যকার সম্পর্ক ও তাদের মজার মুহূর্তগুলো দারুণভাবে ফুটে উঠেছে। বন্ধু, সঙ্গী কিংবা পরিবারকে নিয়ে বড় পর্দায় উপভোগ করার মত একটি সিনেমা এটি।”

এই চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ দ্বিধায় ছিলেন জানিয়ে রাশমিকা বলেন, "আমি সত্যিই খুব ভয়ে ছিলাম, কারণ পর্দায় আমাকে এবারই সবচেয়ে বেশি আধুনিক ও শহুরে লুকে দেখা যাবে। আমার আগের সিনেমাগুলোতে দর্শক আমাকে সবসময় সিরিয়াস ও ড্রামাটিক পারফরম্যান্স দেখে এসেছে। কিন্তু এবারই প্রথম আমি এত হালকা-মেজাজের একটি কাজ করেছি, যেখানে বন্ধুত্ব, পাগলামি আর ভালোবাসার গল্প ফুটে উঠেছে।"
শুরুর দিকের সংশয়ের কথাও তুলে ধরে অভিনেত্রী বলেন, “প্রথমে মনে হয়েছিল, এই পদক্ষেপটি কি আমার জন্য ঠিক হবে? পরে ভাবলাম, যেহেতু আগে কখনও এমন চরিত্র করিনি, তাই চেষ্টা করে দেখা যাক। আমার মনে হয়েছে দর্শকরাও এখন নতুন কিছু দেখতে চান। সেই জায়গা থেকেই চরিত্রটি আমার জন্য উপযুক্ত মনে হয়েছে।”
এদিকে 'ককটেল ২' সিনেমার ট্রেইলার প্রকাশের পর সোশাল মিডিয়ায় আলোচনা শুরু হয়, ‘ককটেল ২’ সমকামী প্রেমের গল্প কি না। তবে পরিচালক হোমি সেই গুঞ্জন নাকচ করে দিয়েছেন।
তিনি জানিয়েছেন, এমন কোনও গল্প নেই। দুই নায়িকার মধ্যে কেবল বন্ধুত্বই দেখানো হয়েছে।
ট্রেইলারে দেখা যায়, শহীদ কাপুর ও রাশমিকার চরিত্রের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। অন্যদিকে কৃতি শ্যানন অভিনয় করেছেন এক স্বাধীনচেতা তরুণীর চরিত্রে, যিনি শাহীদের চরিত্রের ঘনিষ্ঠ বন্ধু। গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে তার মধ্যেও প্রেমের অনুভূতি তৈরি হয়, যা তিন চরিত্রের সম্পর্ককে জটিল করে তোলে।
প্রেম, বন্ধুত্ব ও আবেগঘন সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত ‘ককটেল ২’ আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
'কন্নড়' চলচ্চিত্র 'কিরিক পার্টি' দিয়ে পরিচিতি পাওয়া রাশমিকা 'গীতা গোবিন্দম', 'ডিয়ার কমরেড', 'পুষ্পা: দ্য রাইজ' ও এর সিক্যুয়েলে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান।
হিন্দি সিনেমায় তার অভিষেক হয় 'গুডবাই' সিনেমার মাধ্যমে, যেখানে তার সহশিল্পী ছিলেন অমিতাভ বচ্চন। পরে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিমাল' তাকে বলিউডে বড় সাফল্য এনে দেয়।