Published : 12 Feb 2025, 10:36 AM
ফুটপাতে গান গাইছিলেন ব্রিটিশ গায়ক এড শিরান, হঠাৎ পুলিশ এসে তার গান থামিয়ে দেয়। এমন দৃশ্য দেখা গেছে ভারতের বেঙ্গালুরুতে।
বিবিসি লিখেছে, বেঙ্গালুরুর চার্চ রোডে শিরানের গান থামানোর ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। এতে পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিরান ভক্তরা, আবার কেউ কেউ শিরানকে দুষছেন।
পুলিশ হয়ত শিরানকে চিনতে পারেননি, এমন কথাও উঠেছে।
সোশাল মিডিয়ার ওই ভিডিওতে দেখা গেছে, ফুটপাতে দাঁড়িয়ে সাদা টি শার্ট পরে শিরান গাইছেন তার জনপ্রিয় গান ‘শেপ অব ইউ’। সেখানে ধীরে ধীরে ভিড় জমতে থাকে। উপস্থিত জনতা শিল্পীর গানের সঙ্গে গলা মেলাতে শুরু করেন।
একটু পর সেখানে পুলিশ এসে শিরানের মাইক্রোফোনের তার খুলে নেয়। এরপরে শিরানকে কিছুক্ষণ খালি গলায় গান করতে দেখা যায়।
শিরানকে বলতে শোনা গেছে, “এখানে গান গাওয়ার ব্যাপারে আমাদের অনুমতি নেওয়া ছিল, কিন্তু পুলিশ অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে।”
আর বেঙ্গালুরু পুলিশ বলছে, রাস্তার পাশে পারফর্ম করার জন্য শিরান আবেদন করেছিলেন ঠিকই, কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি।
গায়কের এক ভক্ত এক্সে ওই ভিডিওর নিচে লিখেছেন, “নিয়ম সবার জন্য সমান।”
আরেকজন্যের মন্তব্য, “আমরা যে রাজতন্ত্রে বাস করি, সেখানে তরুণদের আনন্দ নষ্ট করতে তারা অনেক কিছুই করেন।”
ক্ষমতাসীন বিজেপির স্থানীয় এমপি পি সি মোহন বলেন, “বিশ্বের বড় বড় তারকাদেরও স্থানীয় নিয়ম মানতে হবে। যেখানে অনুমতি নেই, সেখানে কিছু হবে না।”
টানা ১৫ দিনের সফরে দ্বিতীয়বার ভারতে এসেছেন শিরান। ইতোমধ্যেই পুনে, হায়দরাবাদ ও চেন্নাইয়ে কনসার্ট করেছেন এই শিল্পী। সামনে শিলং এবং দিল্লিতে কনসার্টের তারিখ আছেন শিরানের।
এর মধ্যে জিয়াগঞ্জে গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতেও গিয়েছিলেন শিরান। সেখানে অরিজিতের বাইকে চেপে তাকে জিয়াগঞ্জের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে।